হাইকোর্টের আদেশ স্থগিত, শিক্ষক পদে যোগ দিলেন পবিপ্রবির ৩ কর্মকর্তা
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে নিয়োগসংক্রান্ত রিটের কার্যকারিতা স্থগিত হওয়ার পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থী।
গত রোববার (২২ নভেম্বর) আদেশটির সত্যায়িত অনুলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছায়। পরে গতকাল সোমবার (২৩ নভেম্বর) সহকারী অধ্যাপক হিসেবে নিজ নিজ বিভাগে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির তিন কর্মকর্তা। যোগদানের আগে তারা কর্মকর্তা পদ থেকে পদত্যাগ করেন।
সহকারী অধ্যাপক পদে যোগদান করা তিন শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং রেজিস্ট্রার কার্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. জিনাত নাসরিন সুলতানা। তাদের মধ্যে ড. হাচিব মোহাম্মদ তুষার মৃত্তিকাবিজ্ঞান বিভাগে, ড. রাহাত মাহমুদ কৃষিতত্ত্ব বিভাগে এবং ড. জিনাত নাসরিন সুলতানা উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে যোগ দিয়েছেন।
তিন শিক্ষকের দাবি, শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে তারা মেধাতালিকায় প্রথম স্থান অর্জনসহ ভালো ফলাফল করেছেন। কিন্তু ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন শিক্ষক হিসেবে নিয়োগ পাননি। তাদের তুলনায় একাডেমিকভাবে জুনিয়র ও ফলাফলে পিছিয়ে থাকা অনেকে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েছেন বলেও দাবি করেন তারা।
তারা জানান, প্রায় ২০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে চতুর্থ গ্রেডে চাকরি করেছেন। শিক্ষক হওয়ার আগ্রহ থেকেই এবার ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপক পদে যোগ দিয়েছেন।
এদিকে, তাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে শামসুজ্জোহা নামের এক ব্যক্তি হাইকোর্টে রিট আবেদন করেন। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই রিটের কার্যকারিতা স্থগিত করেন। তিন শিক্ষকের অভিযোগ, নিয়োগ বাধাগ্রস্ত করতে একটি মহল বিভিন্ন সময়ে তাঁদের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে এবং সংবাদ প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করছি।
বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে রিটকারী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। পাশাপাশি রিটের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে মানহানি হয়েছে দাবি করে শামসুজ্জোহার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করার কথা জানিয়েছেন নতুন যোগ দেওয়া তিন শিক্ষক।