২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

রোববার (২২ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামের আওতায় বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, পিজিডি ইন আইসিটি, পিজিডি ইন ডাটা অ্যানালাইটিকস, পিজিডি ইন ডিজিটাল মার্কেটিং, পিজিডি ইন সাইবার সিকিউরিটি, এলএলবি শেষপর্ব, এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) এবং মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে।

ভর্তিচ্ছুদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার (১০০০/-) টাকা। পূরণ করা আবেদন ফরমের স্বাক্ষরযুক্ত প্রিন্ট কপিসহ নির্ধারিত ফি আগামী ১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষের অনলাইনে আবেদন ফরম নিশ্চয়নের শেষ সময় ২ ডিসেম্বর। কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ হিসেবে শিক্ষার্থীপ্রতি ৮৫০ টাকা আগামী ৩ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৮ অক্টোবর প্রকাশিত মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির মূল বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত ও নিয়মাবলি অপরিবর্তিত থাকবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস ও গুরুত্বপূর্ণ নোটিশ বিভাগে পাওয়া যাবে।