বর্ণিল আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, বেলুন ওড়ানো ও সংক্ষিপ্ত আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশে স্থাপিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সূচনা করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও আনন্দের প্রতীক বেলুন ওড়ানোর মধ্য দিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস, ইনস্টিটিউট, হল ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্রীয় খেলার মাঠে সমবেত হন। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন সংশ্লিষ্ট হলের প্রভোস্টরা।
সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।
পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপ-উপাচার্য ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনের নেতারা।
আলোচনা সভা শেষে শুভেচ্ছা বিনিময়ের পর প্রশাসনের নেতৃত্বে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস, হল, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নিজস্ব প্ল্যাকার্ডসহ অংশ নেয়। রোভার স্কাউট গ্রুপ বাদ্যযন্ত্র নিয়ে র্যালিকে প্রাণবন্ত করে তোলে। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রশাসনের নেতৃবৃন্দ। পরবর্তীতে প্রতিটি অনুষদের ডিন , সকল বিভাগীয় সভাপতি, হলসমূহের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধা জানান।
ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে র্যালিটি প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ইবি উপাচার্য ড. একেএম মতিনুর রহমান বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশের কিংবদন্তি রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই বিশ্ববিদ্যালয়কে অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের চাইতে অত্যন্ত দরদ দিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছিলেন, আমি তার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি। তাদেরই উত্তরাধিকার বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।’
তিনি বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এই দিনে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, সেই লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাওয়ার জন্য আমাদের বর্তমান প্রশাসন আমরা প্রাণান্তকর চেষ্টা করছি এবং আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে নিয়ে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব বলে আমরা বিশ্বাস করি। এটি হোক আমাদের আগামী বছরের জন্য প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। সবাইকে শুভেচ্ছা।’