৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
স্বাধীন বাংলাদেশে স্থাপিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম ইসলামী বিশ্ববিদ্যালয়। যার অবস্থান কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুর গ্রামে। বর্তমানে এই ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র। বাংলাদেশের জনগণের বিশেষ করে অত্র কুষ্টিয়া ঝিনাইদহ জেলার মানুষের দীর্ঘদিনের দাবির যৌক্তিকতা ও গুরুত্ব উপলব্ধি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালের ১ ডিসেম্বর সরকারিভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন।
১৯৭৭ সালের ২৭ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. এ. বারীকে সভাপতি করে সাত সদস্যবিশিষ্ট ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পরিকল্পনা কমিটি’ গঠন করা হয়। একই বছর ৩১ মার্চ থেকে ৮ এপ্রিল মক্কায় ওআইসি’র উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী শিক্ষা সম্মেলনে এশিয়ার তিনটি মুসলমান রাষ্ট্রে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তে বাংলাদেশে একটি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়।
১৯৭৯ সালে জিয়াউর রহমান সরকার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ড. এ.এন.এম মমতাজ উদ্দীন চৌধুরীকে প্রকল্প পরিচালক নিযুক্ত করেন। ১৯৭৯ সালের ২২ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ে উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে ১৯৮০ সালের ২৭ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৮০ (৩৭) জাতীয় সংসদে পাস হয়। ১৯৮১ সালের ১ জানুয়ারি প্রকল্প পরিচালক ড. এ.এন.এম মমতাজ উদ্দীন চৌধুরীকে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেয়া হয়। এভাবেই দীর্ঘ ৪৭ টি বছর পেরিয়ে আজ ৪৮ বছরে পৌঁছে গেছে স্বাধীন বাংলাদেশে স্থাপিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়।
পরবর্তীতে ১৯৮২ সালের ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক ছাত্র হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৯৮৩ সালের ১৮ জুলাইয়ের এক আদেশে বিশ্ববিদ্যালয়টিকে গাজীপুরের বোর্ডবাজারে স্থানান্তর করা হয়। ১৯৮৫ সালের মে মাসে ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে মাত্র ২টি অনুষদ, ৪টি বিভাগ ও ৩০০ জন শিক্ষার্থী নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়। ১৯৮৬ সালের ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়। তখন শিক্ষক সংখ্যা ছিলো আট জন। ১৯৯০ সালের ২৪ ফেব্রুয়ারির এক আদেশে এ বিশ্ববিদ্যালয়কে গাজীপুর থেকে কুষ্টিয়ায় স্থানান্তর করা হয়। ১৯৯২ সালের ১ নভেম্বর মূল ক্যাম্পাসে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়টি গত চার দশকে শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নিয়মিত শিক্ষার্থী রয়েছেন ১৯ হাজার ৬৬৮ জন। তাদের মধ্যে ১১ হাজার ৮৮৭ জন ছাত্র এবং ৭ হাজার ৭৮১ জন ছাত্রী। এছাড়া এমফিল প্রোগ্রামে ১৫১ জন গবেষক রয়েছেন, যাঁদের মধ্যে ১৩৭ জন ছাত্র ও ১৪ জন ছাত্রী। পিএইচডি প্রোগ্রামে গবেষণায় নিয়োজিত রয়েছেন ১৫২ জন। তাঁদের মধ্যে ১২০ জন ছাত্র ও ৩২ জন ছাত্রী। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থী ও গবেষকের সংখ্যা ১৯ হাজার ৯৭১ জন। তাঁদের পাঠদান ও গবেষণায় দিকনির্দেশনা দিতে কর্মরত রয়েছেন ৪১৫ জন শিক্ষক। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি থেকে ৮ শতাধিক শিক্ষার্থী এমফিল এবং প্রায় সাড়ে ৭ শত শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও ৪৭৬ জন কর্মকর্তা, ৮৭ জন সহায়ক কর্মচারী এবং ১৩০ জন সাধারণ কর্মচারী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রেখে চলেছেন।
দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। বর্তমানে ৯টি অনুষদের অধীনে ৩৮টি বিভাগে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম চলছে। সম্প্রতি ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদে কম্পারেটিভ তাফসীর এবং আস-সিরাহ আন-নববিয়্যাহ বিভাগ চালু হয়েছে। অগ্রগতির এই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানের 'সেন্টার অব এক্সিলেন্স' হিসেবে গড়ে তুলতে বহুমুখী উদ্যোগ নিয়েছে বর্তমান প্রশাসন।
একাডেমিক মানোন্নয়নে মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে ব্যবহারিক ও মাঠপর্যায়ের শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের সরেজমিনে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন, তথ্য সংগ্রহ এবং গবেষণা প্রতিবেদন তৈরির মাধ্যমে বাস্তবমুখী জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করতে বিভাগগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।।শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা বিনিময়ের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বিশ্ববিদ্যালয়কে শুধু সনদ বিতরণের কেন্দ্রে সীমাবদ্ধ না রেখে আধুনিক কর্মবাজারের উপযোগী মানবসম্পদ তৈরির প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিল্প-শিক্ষা সমন্বয়ে (Industry-Academia Collaboration) অগ্রণী ভূমিকা রাখছে বর্তমান প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সেশনজট প্রায় নেই বললেই চলে। যেসব হাতেগোনা কয়েকটি বিভাগে সেশনজট রয়েছে সেসব বিভাগ তা নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। পরীক্ষা নিয়ন্ত্রক অফিসটি নতুন ভবনে স্থানান্তরের কাজ অনেকাংশে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে যথাসময়ে সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট সংগ্রহ ভোগান্তির শিকার হচ্ছেন। তবে স্থানান্তর পুরোটা সম্পন্ন হলে সেবার মান আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্টরা।
এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ৪টি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। প্রথম সমাবর্তন ২৭ এপ্রিল ১৯৯৩ সালে, দ্বিতীয় সমাবর্তন ৫ ডিসেম্বর ১৯৯৯ সালে, তৃতীয় সমাবর্তন ২৮ মার্চ ২০০২ সালে এবং সর্বশেষ ৪র্থ সমাবর্তন ৭ জানুয়ারি ২০১৮ সালে অনুষ্ঠিত হয়। দীর্ঘ আট বছর পর আগামী ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের সভাপতিত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আয়োজন সফল করতে একটি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি, একটি আয়োজক কমিটি ও ২২টি উপকমিটি গঠন করে প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার সন্ধ্যাকালীন প্রোগ্রামের শিক্ষার্থীদেরও সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
১৭৫ একরের সবুজ ক্যাম্পাসে শিক্ষার্থী ও গবেষকদের চাহিদা পূরণে আধুনিক একাডেমিক ভবন, সেন্ট্রাল ল্যাবরেটরি, কেন্দ্রীয় গ্রন্থাগার, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তন ও মেডিকেল সেন্টার রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের আবাসনের জন্য বর্তমানে ৯টি হল চালু রয়েছে। অবকাঠামোগত সক্ষমতা আরও বাড়াতে ৫৩৭ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে 'ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত' শীর্ষক মেগা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ২০১৮ সালের জুলাই থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদের এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের কাজ চলছে।
প্রকল্পের অর্থে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, কেমিক্যাল, গ্লাস ওয়ার, চিকিৎসা যন্ত্রপাতি ও ক্রীড়া সরঞ্জাম ক্রয় সম্পন্ন হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় গবেষণাগার, ২টি বৈদ্যুতিক সাবস্টেশন, ২টি গভীর নলকূপ এবং সোলার প্যানেল স্থাপন, রেইন ওয়াটার হারভেস্ট প্লান্ট (উন্মুক্ত জলাশয়) তৈরি এবং ৪টি যানবাহন (২টা বড় বাস, ১টি হায়েস মাইক্রোবাস ও ১টি মোটর সাইকেল) ক্রয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অক্টোবর ২০২৬ পর্যন্ত, প্রকল্পে ৩৮৯ কোটি ২ লাখ টাকা ব্যয় হয়েছে। এতে আর্থিক অগ্রগতি দাঁড়িয়েছে ৭৪ দশমিক ১১ শতাংশ এবং ভৌত অগ্রগতি হয়েছে ৮৩ শতাংশ। প্রকল্পের মোট ৩২টি অঙ্গের মধ্যে ১৮টির কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। বাকি ১৪টির নির্মাণকাজ এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আরও ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করা সম্ভব হবে।
আন্তঃবিশ্ববিদ্যালয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অসামান্য ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে সু-উজ্জ্বল করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. শামসুদ্দীন ২০০৪ সালে গ্রিসে অনুষ্ঠিত ২৮তম অলিম্পিক গেমসে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন মো. আসাদুর রহমান (বর্তমানে ক্রীড়া উপ-পরিচালক), মো. আব্দুল্লাহিল কাফি, ইসরাত জাহান, তামান্না আক্তার প্রমুখ।
আইন বিভাগের ছাত্রী ফাহিমা খাতুন ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতা, আইসিসি ওয়ার্ল্ড কাপ সহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলে নিয়মিত খেলোয়াড় হিসেবে বাংলাদেশ দলে খেলছেন। এছাড়াও কমনওয়েলথ গেমসে, বিশ্ব হকি চ্যাম্পিয়নশীপ, এশিয়ান যুব গেমস, সাউথ এশিয়ান গেমস, এশিয়ান ভলিবল প্রতিযোগিতা সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় এ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন। ২০২৬ সালে ২১টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতাও সফলভাবে আয়োজন করেছে ইবি।
আরও পড়ুন: প্রায় ৫০০ কোটি টাকার ভবন নির্মাণকাজ পাচ্ছে কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের রয়েছে ঈর্ষণীয় সাফল্য। অ্যাথলেট-এ এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাতবার এবং ছাত্রীরা আটবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশ্ববিদ্যালয়টি ফুটবলে তিন বার, হ্যান্ডবলে (ছাত্র) তিন বার, ভলিবল (ছাত্র)-এ ১৩ বার এবং বাস্কেটবলে চারবার চ্যাম্পিয়ন হয়। এছাড়াও ব্যাডমিন্টনে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ২০২৪ সালে এবং ছাত্রীরা ২০২৭ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। বর্তমানে মোট ১১টি ক্রীড়া ডিসিপ্লিনে ছাত্র-ছাত্রীরা নিয়মিত খেলাধুলা অনুশীলন করছে। ক্রীড়াচর্চাকে বিজ্ঞানভিত্তিক রূপ দিতে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালু হয়েছে।
গবেষণা ও বৈশ্বিক র্যাংকিংয়েও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ২০২৬ সালের সিমাগো র্যাংকিংয়ে ৩০৫ ধাপ এগিয়ে বিশ্বে ২ হাজার ২৫৭তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। এডুকেশন র্যাংকের তালিকা অনুযায়ী, বাংলাদেশে এর অবস্থান ১১তম এবং লিবারেল আর্টস ও সোশ্যাল সায়েন্সে দেশের মধ্যে তৃতীয়। কিউএস এশিয়ান র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১১০১ থেকে ১২০০-এর মধ্যে এবং দক্ষিণ এশিয়ায় ৩৬২তম। এক্ষেত্রে সাইটেশন স্কোর ৮৩ দশমিক ৪। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির গবেষকদের ৭ হাজার ৯৭৭টি প্রকাশনা এবং ৫৫ হাজার ৩৮টি সাইটেশন নিবন্ধিত হয়েছে।
শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের যাতায়াত, চিকিৎসা ও প্রশাসনিক কাজের জন্য বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নিজস্ব গাড়ি রয়েছে ৪৩টি। এর মধ্যে ৫২ আসনের নন এসি বাস ১৩টি, দ্বিতল বাস ১টি, ৩৬ আসনের এসি বাস ১টি, ৩০ আসনের এসি কোস্টার ৭টি, নন-এসি মিনিবাস ৫টি, হায়েজ এসি মাইক্রো ৫টি, জিপ ৭টি, কার ৩টি, পিক-আপ ২টি এবং অ্যাম্বুলেন্স ২টি। এছাড়াও ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য ভাড়াকৃত ১৩টি দ্বিতল বাসসহ মোট ৩৩টি বাস-মিনিবাস রয়েছে। কুষ্টিয়া রুটে ৩৪টি, ঝিনাইদহ রুটে ১৬টি এবং শৈলকুপা রুটে ৫টি বাসের মাধ্যমে প্রতি ঘণ্টায় পরিবহন সেবা চালু রাখা হয়েছে।
প্রত্যন্ত অঞ্চলে অবস্থান এবং নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সেশনজট মুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে এবং শিক্ষা-গবেষণা-ক্রীড়াসহ সকল ক্ষেত্রে উন্নততর মান অর্জনে ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে সচেষ্ট রয়েছে। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী দিনগুলোর জন্য বেশ কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। উপাচার্যের উদ্যোগ ও সভাপতিত্বে এবছরের ৩ অক্টোবর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে 'শিক্ষা-শিল্পের ঐকতান: কর্মসংস্থানের সমাধান' শীর্ষক সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও নীতিনির্ধারকেরা অংশ নেন। এর ধারাবাহিকতায় যৌথ গবেষণা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ এবং ব্যবহারিক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
উপাচার্যের উদ্যোগের মধ্যে রয়েছে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে চলমান মেগা প্রকল্পের শতভাগ বাস্তবায়ন, চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী নতুন বিভাগ চালু এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি সমঝোতার মাধ্যমে নিয়মিত জব ফেয়ার এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে সহায়ক হিসেবে ব্র্যাকের সাথে যৌথ উদ্যোগে 'ক্যারিয়ার হাব' স্থাপন অন্যতম উল্লেখযোগ্য অবদান। এছাড়া পুরো ক্যাম্পাসকে আধুনিক সিসিটিভি নজরদারি ও পূর্ণাঙ্গ অটোমেশনের আওতায় আনা এবং পোস্ট-ডক্টরাল গবেষণার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
২০২৬ সালের মে মাসে দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান প্রতিষ্ঠানটিকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন। বিভিন্ন জাতীয় ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও আদর্শ নিয়ে ইসলামী মূল্যবোধের সঙ্গে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন, সেই প্রতিষ্ঠাকালীন চেতনা ফিরিয়ে আনাই তার প্রশাসনের প্রধান লক্ষ্য। অতীতের নানা সংকট কাটিয়ে একটি নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ও সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে।
সুখী-সমৃদ্ধ-শান্তির স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার প্রত্যয়ে ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে উচ্চশিক্ষা বিতরণের লক্ষ্যে ১৭৫ একরের এই বিশ্ববিদ্যালয়টি নৈতিক-মানবিক সুযোগ্য মানুষ তৈরির সুমহান কর্মযজ্ঞে প্রতিনিয়ত প্রতিপালিত হচ্ছে।