জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু কাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। পরীক্ষা চলবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পরীক্ষা সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিই গ্রহণযোগ্য হবে। অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে প্রবেশপত্র বিতরণ শেষ করতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রবেশপত্র বিতরণের আগে পরীক্ষার্থীর নাম, নিবন্ধন নম্বর, শিক্ষাবর্ষ ও বিষয় কোড সঠিক আছে কি না, তা যাচাই করতে হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে।
পরীক্ষার হলে হাজিরা গ্রহণের সময় পরীক্ষার্থীদের মূল নিবন্ধন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে। পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে এ-সংক্রান্ত তথ্য জেনে নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলেজের পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা কেন্দ্র ফি বাবদ ৪৫০ টাকার মধ্যে ৩০০ টাকা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে জমা দিতে হবে। বাকি ১৫০ টাকা কলেজের পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করা যাবে।
পরীক্ষা সংক্রান্ত জরুরি তথ্য ও নির্দেশনা জানতে পরীক্ষার সময় প্রতিদিন অন্তত তিনবার- সকাল, দুপুর ও রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করার জন্য পরীক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।