‘তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চাই’—ক্যানসার আক্রান্ত নোবিপ্রবি শিক্ষকের স্ত্রীর আকুতি
‘তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চাই। তাদের কাছ থেকে মাকে কেড়ে নিও না।’ ক্যানসারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের লড়াইয়ে এমন আকুতিই জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ওয়ালিউর রহমান আকন্দ বিপুলের স্ত্রী মোছা. রুবিয়া পারভীন। স্ত্রীকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই শিক্ষক। ইতিমধ্যে চিকিৎসায় ব্যয় করেছেন প্রায় ৬০ লাখ টাকা। পরিবারের সঞ্চয় শেষ হওয়ার পাশাপাশি তাঁর কাঁধে জমেছে প্রায় ৫০ লাখ টাকার ঋণ। এখন উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আরও ৬০ থেকে ৭০ লাখ টাকা।
রুবিয়া পারভীনের (৩৭) স্তন ক্যানসার শনাক্ত হয় ২০২২ সালে। তখন রোগটি তৃতীয় পর্যায়ে (স্টেজ-৩) ছিল। এরপর ঢাকায় চিকিৎসক ডা. জাফর মাহমুদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়। ২০২৩ সালে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিওথেরাপি নেওয়া হয়। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে পরিবারে কিছুটা স্বস্তি ফিরে আসে। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি।
ওয়ালিউর রহমান আকন্দ বিপুলের ভাষ্য অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালে ক্যানসারটি আবার ফিরে আসে। সর্বশেষ ২০২৬ সালে করা পরীক্ষায় দেখা যায়, ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এমনকি মস্তিষ্কেও এর বিস্তার ঘটেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ব্রেন মেটাস্টেসিস নামে পরিচিত। বর্তমানে ঢাকার ডেল্টা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁর চিকিৎসা চলছে। এ চিকিৎসায় প্রতি মাসে ৭০ হাজার টাকার বেশি ব্যয় হচ্ছে।
এ অবস্থায় চিকিৎসকদের পরামর্শে চীনের গুয়াংজুতে অবস্থিত মডার্ন ক্যানসার হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করেছে পরিবারটি। সেখানে ডা. সিওকের (SEOK) তত্ত্বাবধানে অস্ত্রোপচার ও একাধিক সাইকেল কেমোথেরাপি দেওয়ার প্রস্তাব রয়েছে। তিনটি ধাপে এই চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন ওয়ালিউর রহমান আকন্দ বিপুল।
তিনি জানান, স্ত্রীর চিকিৎসায় পরিবারের সঞ্চিত অর্থ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) এবং আত্মীয়-স্বজনের সহযোগিতা মিলিয়ে ইতিমধ্যে প্রায় ৬০ লাখ টাকা ব্যয় করেছেন। দীর্ঘদিন চিকিৎসার খরচ বহন করতে গিয়ে বর্তমানে প্রায় ৫০ লাখ টাকা ঋণগ্রস্ত তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি স্ত্রী ও তিন সন্তানের দেখাশোনা করতে গিয়ে কঠিন আর্থিক সংকটের মুখে পড়েছেন।
সম্প্রতি স্ত্রীর চিকিৎসায় সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগের কথা জানতে পারেন রুবিয়া পারভীন। বিষয়টি তাঁকে আবেগাপ্লুত করে তোলে। নিজের ফেসবুক পোস্টে চিকিৎসার দীর্ঘ লড়াই, স্বামীর ত্যাগ এবং তিন সন্তানকে ঘিরে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।
রুবিয়া জানান, একদিন বিকেলে হঠাৎ তাঁর নগদ অ্যাকাউন্টে ৩০ টাকা আসে। প্রথমে ভুল করে কেউ টাকা পাঠিয়েছেন ভেবে তা ফেরত দেওয়ার কথা ভাবেন। কিছুক্ষণ পর আরও ১০০ টাকা আসে। পরে ফেসবুকে ঢুকে তাঁকে নিয়ে একের পর এক পোস্ট দেখতে পান। তখনই বিষয়টি বুঝতে পারেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করে ফেসবুক পোস্টে রুবিয়া লেখেন, ‘পুরো শরীর ঘেমে গেল। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। বুক ফেটে কান্না বের হলো। হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। শিক্ষার্থীদের উদ্যোগ আমার কাছে গর্বের। তারা তাদের স্যারকে কতটা সম্মান করলে, স্যারের এই দুর্দিনে এভাবে পাশে দাঁড়ায়।’
স্বামীর দীর্ঘদিনের ত্যাগ ও ত্যাগের পরও স্ত্রীকে সুস্থ করে তুলতে না পারার কষ্টের কথাও তুলে ধরেছেন রুবিয়া। তিনি লেখেন, ‘কষ্ট হচ্ছে এ কথাটা ভেবে, এই লোকটার সারা জীবনের সঞ্চয়, তার ক্যারিয়ার সব আমার পেছনেই নষ্ট করেছে। তারপরও সে আমাকে সুস্থ করতে পারল না। জানিনা আল্লাহ পাক তাদের এই প্রচেষ্টাকে সফল করবেন কিনা। তবে এখন আল্লাহর কাছে চাই, হে আল্লাহ তুমি এই প্রচেষ্টাকে সফল করিও। আমার অবুঝ তিন সন্তানের কাছ থেকে তাদের মাকে কেড়ে নিও না।’
পাঁচ বছর ধরে স্ত্রীর চিকিৎসার জন্য নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওয়ালিউর রহমান আকন্দ বিপুল। তবে সামনে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ একা জোগাড় করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থীসহ দেশ-বিদেশের সামর্থ্যবান মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।
রুবিয়ার চিকিৎসায় সহায়তা করতে চাইলে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা পাঠানো যাবে নিচের নম্বর ও ব্যাংক হিসাবগুলোতে।
আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম
বিকাশ (bKash)
- ০১৭১৯-২০০৬১৩
- ০১৭২৪-৯৫২৩৬২
- ০১৭৫৮-৮০৯৪২৫
নগদ (Nagad)
- ০১৭১৯-২০০৬১৩
- ০১৭১৮-২৮২৬৬৭
ব্যাংক হিসাব-১
- হিসাবের নাম: Md. Owaliur Rahman Akanda (Bipul)
- হিসাব নম্বর: 0200010639260
- ব্যাংক: Agrani Bank PLC
- শাখা: Noakhali Science & Technology University Branch
- রাউটিং নম্বর: 010752177
ব্যাংক হিসাব-২
- হিসাবের নাম: Md. Owaliur Rahman Akanda (Bipul)
- হিসাব নম্বর: 0236101223790
- ব্যাংক: Pubali Bank PLC
- শাখা: Maijdee Court Branch, Noakhali
- রাউটিং নম্বর: 17575176