২০ নভেম্বর ২০২৬, ১২:৪৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ ও হেনস্তার অভিযোগে শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো  © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) অবরুদ্ধ ও হেনস্তার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয়ের ২২ জন কর্মকর্তা-কর্মচারীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাজী থানা-এ মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের সরকারি প্রক্টর সালাহ উদ্দিন।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন—সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) আকরাম হোসেন, পরিচালক (ভারপ্রাপ্ত) মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মামুনুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াস হোসেন, সেকশন অফিসার ইয়াকুব আলী, অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান নান্নু, উচ্চমান সহকারী আব্দুস সালাম, উচ্চমান সহকারী আফজাল, নিম্নমান সহকারী আরিফ হোসেন খান, উচ্চমান সহকারী আব্দুল বাতেন, উচ্চমান সহকারী ফারুক পাটোয়ারী, সহকারী পরিচালক আমির হোসেন, উপ-কলেজ পরিদর্শক হাবিবা ফাতেমা সম্পা, সহকারী রেজিস্ট্রার আব্দুল জলিল, সহকারী রেজিস্ট্রার মো. ওবায়দুল হক (হুজুর), লিফটম্যান রিপন, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার মোহা. আজিজুল হক এবং পরিবহন শাখার সেকশন অফিসার মো. শফিকুল ইসলাম।

এজাহারে বলা হয়েছে, আসামিরা আগে চাকরিচ্যুত হয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁরা চাকরিতে পুনর্বহাল হন। পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা অযৌক্তিকভাবে বেতন-ভাতা বৃদ্ধি, জ্যেষ্ঠতা ও পদোন্নতিসংক্রান্ত বিষয় নিয়মবহির্ভূতভাবে নিষ্পত্তি এবং সুপ্রিম কোর্টের রায় অমান্য করার অভিযোগে গত ১৬ নভেম্বর সকাল আনুমানিক ১১টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের নিচে বেআইনিভাবে সমবেত হয়ে বিক্ষোভ করেন।

এ সময় আসামিরা মারমুখী আচরণ করেন। এতে ক্যাম্পাসে ত্রাস ও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ভীতিকর পরিবেশ তৈরি হয়। তাদের দাবির পক্ষে কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও দাপ্তরিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। একপর্যায়ে সব প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ১৬ নভেম্বর বেলা আনুমানিক সাড়ে ৩টার দিকে নাম উল্লেখ করা আসামিরাসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন পুনর্বহালকৃত কর্মকর্তা-কর্মচারী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। একই সঙ্গে তারা উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেন এবং প্রশাসনিক ভবনে প্রবেশ ও বের হওয়ার পথেও তালা দেন।

উদ্ভূত পরিস্থিতি নিরসনে উপাচার্য আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। বিষয়টি সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলে তিনি দুই দফায় তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তবে আসামিরা কোনো আইনি প্রক্রিয়া বা প্রশাসনিক নির্দেশনা না মেনে ওই দিনই দাবি পূরণের বিষয়ে অনড় থাকেন এবং উচ্ছৃঙ্খল আচরণ অব্যাহত রাখেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা অযৌক্তিক দাবি তুলে একাডেমিক ভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে তারা পরস্পরের সহযোগিতা ও প্ররোচনায় জনসম্মুখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত করা, স্বাভাবিক কর্মপরিবেশ অস্থিতিশীল ও অকার্যকর করা এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা বিপন্ন করার উদ্দেশ্যে সমবেত হন। এ সময় সরকার ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন কুরুচিপূর্ণ ও আপত্তিকর স্লোগান দেওয়া হয়।

এ ছাড়া আসামিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের সামনে মিছিল ও সভা-সমাবেশ করেন। বিভিন্ন বিভাগে কর্মরত সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মারধর করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে ধাক্কা দিয়ে আহত করা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ক্ষতিকর ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ করা হয়েছে এজাহারে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিদের এসব বেআইনি কর্মকাণ্ডের কারণে রাষ্ট্রীয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তৈরি হয়।

এজাহারে আরও বলা হয়, ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে হয়েছে। এ কারণে মামলা দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে।