৫ আগস্ট পালিয়ে আর ফেরেননি, চাকরিচ্যুতির আগে শেষ নোটিশ কুবি কর্মচারীকে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এস্টেট শাখার গার্ডেনার মো. শামছু মিয়ার বিরুদ্ধে পলায়নের (Desertion) অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলায় আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল এবং উপাচার্যের কাছে ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার অনুপস্থিতিতেই মামলার চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী পলায়নের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এ বিষয়ে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ, তদন্ত প্রতিবেদন ও ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণের নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি।
আরও খবর: দুই দশকে গ্র্যাজুয়েট হয়েছেন ১৩ হাজার শিক্ষার্থী, আজও হয়নি অ্যালামনাই অ্যাসোসিয়েশন
এ অবস্থায় একই বিধিমালার ৪(৩)(গ) অনুযায়ী তাঁকে চাকরি থেকে অপসারণসহ অন্য কোনো উপযুক্ত শাস্তি কেন দেওয়া হবে না, সে বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রারের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা সব আইনি পক্রিয়া ফলো করে তাকে নোটিশ পাঠিয়েছি। সে কোনো জবান দেয়নি। সর্বশেষ পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে তাকে সশরীরে উপস্থিত হয়ে জবাব দেয়ার জন্য বলা হয়েছে।’