৯ ঘণ্টা নয়, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না
দাবি আদায়ে পুনর্বহালকৃত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী নিজ কার্যালয়ে ৯ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, ৯ ঘণ্টা নয়, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না।
আজ সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
স্ট্যাটাসে তিনি লেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাহিরে গিয়ে আমার প্রশাসন কিছুই করবে না। রায়ের আলোকে যা করার করেছি, বাকিটা সরকার বলুক, করে দেবো। কোনো চাপের কাছে অতীতেও মাথা নত করি নাই, এখনও করবো না।
আরও পড়ুন: নিজ কার্যালয়ে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
তিনি লেখেন, বিশ্ববিদ্যালয়টির সংস্কার দরকার, বিভিন্ন উদ্যোগ নিয়েছি। করতে দিলে করবো, না দিলে করবো না কিন্তু উল্টাপাল্টা কথা বলে বা স্টোরি মেইক করে বা অবরুদ্ধ করে রেখে কোনো লাভ হবে না। ৯ ঘণ্টা ধরে ঘেরাও করে রেখেছেন, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না।
জানা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন করে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে দ্বিতীয় দিনের আজ মতো এ কর্মসূচি পালন করা হয়।
সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভিসির দফতর ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বেলা তিনটার দিকে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন আন্দোলনকারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়।