১৬ নভেম্বর ২০২৬, ১৯:২৮

নিজ কার্যালয়ে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

ভিসি কার্যালয়ের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুনর্বহালকৃত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীরা  © সংগৃহীত

দাবি আদায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে অবরুদ্ধ করে রেখেছেন পুনর্বহালকৃত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভিসির দফতর ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন আন্দোলনকারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন করে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে দ্বিতীয় দিনের আজ মতো এ কর্মসূচি পালন করা হয়। এদিকে, অন্য কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এক পর্যায়ে বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা তৈরি হয়। সন্ধ্যায় ৭টার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজ কার্যালয়ে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন ভিসি।

এ সময় আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক চলছিল। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে। তাদের দাবি, ২০টি প্রকল্পে প্রায় ২৫০ কোটি টাকা খরচ করা হচ্ছে, যার অধিকাংশই প্রয়োজনীয় নয়। সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে হেরিটেজ ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তাদের ভাষ্য, বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিনের বঞ্চনার শিকার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই।

অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা। সমাবেশ সঞ্চালনা করেন মো. আকরাম হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৫ সালের ২৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জীবিতদের পুনর্বহাল এবং চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করে তাদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে তাদের পুনর্বহালের নির্দেশ দেন। তবে রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগে গতকাল রবিবার (১৫ নভেম্বর) থেকে আন্দোলনে নেমেছেন তারা।