১৬ নভেম্বর ২০২৬, ১৪:১৯

ইবির মেগা প্রকল্পে শ্রমিক সংকট, নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না নির্মাণকাজ

১০ তলাবিশিষ্ট নির্মাণাধীন ছাত্রী হল-২  © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চলমান মেগা প্রকল্প ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত’ শীর্ষক ৫৩৭ কোটি ৭ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের কাজে তীব্র শ্রমিক বা জনবল সংকট দেখা দিয়েছে। এর ফলে প্রতিটি ভবনের নির্মাণকাজে কাঙ্ক্ষিত জনবলের ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বছরের পর বছর প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ৪ বছরের প্রকল্পে ৮ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি নির্মাণকাজ। 

দীর্ঘদিন ধরে প্রত্যাশিত শ্রমিকের চেয়ে কমসংখ্যক শ্রমিক কাজ করলেও সম্প্রতি হল উদ্বোধনের তোড়জোড় শুরু হওয়ায় শ্রমিক সংকটের বিষয়টি সামনে এসেছে। সম্প্রতি চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে নিয়োজিত শ্রমিক সংখ্যার তথ্যের বিশ্লেষণ করে এই চিত্র উঠে এসেছে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আগস্ট মাসে গড়ে ২য় প্রশাসন ভবন নির্মাণে ঘাটতি ৪৫ জন, কবি গোলাম মোস্তফা একাডেমিক ভবনে ঘাটতি ১৪৪ জন, শহীদ আনাস (শেখ রাসেল) হলে ঘাটতি ৫৪ জন, ছাত্র হল-২ এ ঘাটতি ৬৫ জন, ছাত্রী হল-১, ছাত্রী হল-২ ও শহীদ আবরার ফাহাদ হলে ১০৪ জন, শিক্ষক ও কর্মকর্তা কোয়ার্টারে ঘাটতি ৭৬ জন ও কর্মচারীদের কোয়ার্টারে গড়ে ৯৫ জন শ্রমিকের ঘাটতি রয়েছে। 

এ ছাড়া সেপ্টেম্বর মাসে গড়ে ২য় প্রশাসন ভবন নির্মাণে ঘাটতি ৪৬ জন, কবি গোলাম মোস্তফা একাডেমিক ভবনে ঘাটতি ১৭০ জন, শহীদ আনাস (শেখ রাসেল) হলে ঘাটতি ৪৮ জন, ছাত্র হল-২ এ ঘাটতি ৮৫ জন, শহীদ আবরার ফাহাদ হলে ঘাটতি ৫৫ জন, ছাত্রী হল-১ ঘাটতি ১০৭ জন, ছাত্রী হল-২ এ ঘাটতি ১০৩ জন, শিক্ষক ও কর্মকর্তা কোয়ার্টারে ঘাটতি ৭২ জন এবং কর্মচারীদের কোয়ার্টারে গড়ে ৭০ জন শ্রমিকের ঘাটতি রয়েছে।

এর মধ্যে ২য় প্রশাসন ভবন নির্মাণকাজে ১২০ জন শ্রমিকের জায়গায় দৈনিক গড়ে মাত্র ৭৪ জন, কবি গোলাম মোস্তফা একাডেমিক ভবনে ৩০০ জনের জায়গায় মাত্র ১৩০ জন, ছাত্রী হল-১ এ ২০০ জনের জায়গায় মাত্র ৯৩ জন এবং শিক্ষক ও কর্মকর্তা কোয়ার্টারে ১০০ জনের জায়গায় মাত্র ২৮ জন শ্রমিক কাজ করেছেন। এছাড়া শহীদ আবরার ফাহাদ এবং কর্মচারীদের কোয়ার্টারেও প্রয়োজনীয় জনবল অনুপস্থিত ছিল।

আরও পড়ুন: এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা চূড়ান্তকরণের সভায় যা হলো

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগস্ট/২০২৬ মাসে বিশ্ববিদ্যালয়ের ৯টি ১০ তলা ভবনের নির্মাণকাজে গড়ে মোট ১,৪৬৫ জন কাঙ্ক্ষিত জনবলের বিপরীতে প্রকল্পে কাজ করেছে ৬৩৮ জন, ঘাটতি ছিল ৮২৭ জন। সেপ্টেম্বর ২০২৬ মাসে ১,৩৪০ জন কাঙ্ক্ষিত জনবল বা শ্রমিকের প্রয়োজন থাকলেও দৈনিক গড়ে নিয়োজিত ছিলেন মাত্র ৬২৯ জন। অর্থাৎ এই মাসে সার্বিক জনবল ঘাটতির পরিমাণ ছিল ৭১১ জন। যদিও আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ঘাটতির সংখ্যা কিছুটা কমেছে, তবুও প্রতিটি ভবনেই অর্ধেকের বেশি শ্রমিক সংকট নিয়মিতভাবে বজায় রয়েছে। 

বিশেষ করে শিক্ষক ও কর্মকর্তা কোয়ার্টার এবং কর্মচারীদের কোয়ার্টার নির্মাণকাজে পর্যাপ্ত শ্রমিকের উপস্থিতি না থাকায় এবং প্রথম ও দ্বিতীয় শিফটে পর্যাপ্ত জনবল না পাওয়ায় কাজের গতি মারাত্মকভাবে মন্থর হয়ে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই সংকট দ্রুত নিরসন করা না হলে প্রকল্পের নির্ধারিত মেয়াদকালের মধ্যে কাজ সম্পন্ন করা অসম্ভব হয়ে পড়বে।

শ্রমিক সংকটের ব্যাপারে জানতে চাইলে ছাত্রী হলের ঠিকাদারের সাইট ইঞ্জিনিয়ার আবু মুসা বলেন, ‘করোনা-পরবর্তী বিশ্ব পরিস্থিতি এবং রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে রড-সিমেন্টসহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দাম ২০০ থেকে ২৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এত কিছুর পরেও আমরা সাধ্যমতো কাজ চালিয়ে যাচ্ছি। বর্তমানে ধান কাটার মৌসুম, ইটের ভাটার মৌসুম শুরু হওয়ায় কিছুদিন যাবত শ্রমিক সংকট রয়েছে। তবে এর আগে আমাদের সাইটে ২০০ থেকে ২৫০ জন পর্যন্ত শ্রমিক কাজ করেছে, বর্তমানেও ১৬০ থেকে ১৬৮ জন শ্রমিক নিয়মিত কাজ করে যাচ্ছেন। যেভাবেই হোক, আমরা আগামী বছর জুনের মধ্যে হলের নির্মাণকাজ শেষ হওয়ার প্রত্যাশা করছি।’

জানতে চাইলে প্রকল্প পরিচালক ড. নওয়াব আলী খান বলেন, ‘প্রকল্পের শ্রমিক সংকট দীর্ঘদিনের। যখন প্রকল্প অনুমোদন দেওয়া হয় তখন শ্রমিকের মজুরি যে রেট শিডিউল অনুযায়ী নির্ধারণ করা হয়েছিল, এখন বর্তমানে তাদের মজুরি অনেক বেশি। ফলে কাঙ্ক্ষিত শ্রমিক পাওয়া যায় না বলে জানিয়েছে ঠিকাদাররা। আমরা তাদের বারবার তাগাদা দিয়ে শ্রমিক সংকট নিরসনের জন্য।’

আরও পড়ুন: শিক্ষকদের নভেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির

তিনি জানান, যারা আগে শ্রমিকের কাজ করতো তারা বেশিরভাগই এখন ঢাকা যেয়ে অটোরিকশা চালায় বা ফুটপাতে দোকান দিয়েছে কিংবা বেশি মজুরির আশায় ঢাকায় শ্রমিকের কাজ করছে। অনেকেই ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করে। এজন্য প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকট দেখা যাচ্ছে। প্রকল্পে যে মজুরি নির্ধারিত, সেই টাকায় কেউ কাজ করতে চায় না।  

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক মিয়া বলেন, ‘নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যে আমরা সার্বিকভাবে কাজ মনিটরিং করতেছি, ঠিকাদারদের কাছ থেকে সমস্যা শুনছি, তাদের মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি। তবে কাঙ্খিত সংখ্যার চেয়ে অনেক কমসংখ্যক শ্রমিক প্রকল্পে কাজ করেছে।’

তিনি বলেন, ‘নতুন অর্থবছর শুরুর পরে অর্থ ছাড়ে কিছুটা বিলম্ব হয়েছে। এ কারণে মজুরি দিতে না পারায় কিছুটা শ্রমিক সংকট দেখা গেছে বলে ঠিকাদাররা আমাদের জানিয়েছে। তবে আমরা নিয়মিতভাবে কর্মরত শ্রমিকদের হিসাব নিচ্ছি ও তদারকি করছি। ঠিকাদারেরাও দ্রুতই শ্রমিক সংকট নিরসন করবে বলে আমাদের আশ্বস্ত করেছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণে রাখব।’