১৬ নভেম্বর ২০২৬, ০০:০৩

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 

ডাবল ডেকার বাসে ভাঙচুর  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঝিনাইদহ রুটে চলাচলকারী একটি ডাবল ডেকার বাসে ভাঙচুর চালিয়েছে স্থানীয় কয়েকজন যুবক। যানজট ছাড়ার পর বাসটি সামনে এগিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পান বাসচালক। রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের ভাটই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসে ‘সঞ্চারী’ নামের বাসটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটই বাজার এলাকার জ্যামে বাসটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর গাড়ি ছেড়ে ডান পাশ দিয়ে সামনের দিকে এগোচ্ছিল। এসময় নিয়ম ভেঙে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলো। রাস্তার নির্মাণকাজ চলমান থাকায় তারা এসময় বাসের পাশে ধাক্কা খেয়ে পড়ে যায়। 

এরপরে বাস চালু করে ড্রাইভার সামনে এগোতে গেলে ওই তরুণেরা ক্ষিপ্ত হয়ে চালকের মাথা লক্ষ্য করে ইট ছুড়ে মারে। এতে চালকের পাশের জানালার কাঁচ ভেঙে যায়। 

বাসে থাকা শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস বর্ষা বলেন, রাস্তার কাজ চলছে বিধায় এক লেন বন্ধ রেখে আরেক লেন দিয়ে যানচলাচল করানো হচ্ছে। ক্যাম্পাসের বাস যখন চলা শুরু করেছে তখন বিপরীতদিক থেকে কোন যানবাহন আসারই কথা না। তারা দ্রুতগতিতে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ধাক্কা খেয়েছে। পরে ড্রাইভার মামাকে লক্ষ্য করে ইট মারে, এতে জানালার কাচ ভেঙে যায়। তবে উনি তাৎক্ষণিকভাবে সরে এসে গাড়িটি দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে সক্ষম হওয়ায় বড় ধরনের শারীরিক আঘাত থেকে রক্ষা পান। 

জানতে চাইলে সঞ্চারী বাসের চালক মিথুন বলেন, আমি সচল লাইন দিয়ে চলতেছিলাম, অপরদিক থেকে মোটরসাইকেল আসছিল। মোটরসাইকেলটা বালুতে পরে যাওয়ার পরে উঠে আমার দিকে ইট মেরে দিয়েছে। একদম শিক্ষার্থীদেরও মাথা ফেটে যেত, আমারও মাথা ফেটে যেত। আমি সামনে গিয়ে ব্রেক করছি, তখন ছাত্র-ছাত্রীরা গিয়ে ওদেরকে ধরছে কয়জন পালিয়ে গেছে আর কয়জন ছিল। এখন উনারা পুলিশের হাতে আছে। 

পরবর্তীতে শৈলকূপা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সবার সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে ডাবল ডেকার বাসটি ক্যাম্পাসে পৌঁছে দেয়। রাত সাড়ে ১০টা নাগাদ সঞ্চারী বাসটি শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে পৌঁছেছে। 

পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, মোটরসাইকেলে ধাক্কা লাগার উপক্রম হওয়ার শেষ মুহূর্তে গাড়ি ব্রেক করেছে। মোটরসাইকেল আরোহী যারা ছিলো তারা ক্ষিপ্ত হয়ে বাসে ইট ছুড়েছে, আমাদের শিক্ষার্থীরাও এতে ক্ষিপ্ত হয়ে আবার ওই ছেলেদের ধরেছিলো। এতে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে প্রক্টরের তৎপরতায় শৈলকূপা থানা পুলিশ গিয়ে সবাইকে বুঝিয়ে উত্তেজনা প্রশমিত করেছে। এখন বাসটি নিরাপদেই ক্যাম্পাসে প্রবেশ করছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুধু একটি গ্লাস ভেঙে গেছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, শৈলকুপা থানার ওসির সূত্রে জানতে পেরেছি, আমাদের গাড়িটি রং সাইড দিয়ে আসছিল এবং মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে যাচ্ছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহীরা খাদে পড়ে যান। পরে তারা উঠে গাড়ি লক্ষ্য করে একটি ইট নিক্ষেপ করেন। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়।

তিনি আরও বলেন, বর্তমানে ওই দুই যুবক ও মোটরসাইকেলটি শৈলকুপা থানা-পুলিশের হেফাজতে রয়েছে। আর শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িটি ক্যাম্পাসের দিকে আসছে। আমি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করছি।