দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহেরপুর বিশ্ববিদ্যালয়
২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেয়েছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়। বিভাগ দুটি হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইংরেজি (ইংলিশ)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত এক পত্রে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।
অনুমোদনপত্রে বলা হয়, Faculty of Engineering and Technology-এর অধীনে Department of Computer Science and Engineering এবং Faculty of Arts-এর অধীনে Department of English চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদনের খবর পাওয়ার পরপরই মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন সংবাদ সম্মেলন করেন।
এ সময় আনন্দ প্রকাশ করে তিনি বলেন, “মেহেরপুরবাসীর জন্য এটি অত্যন্ত সুখবর। একই সঙ্গে সারা দেশের জন্যও এটি একটি সুখবর। এইমাত্র আমরা দুটি বিষয়ে চূড়ান্তভাবে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছি। আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সিএসই ও ইংরেজি বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারব।”
এ অনুমোদনের খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও সংশ্লিষ্টরা মিষ্টিমুখ করেন।