বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব ও ভাড়া করা সব বাসে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দুইটি করে সংরক্ষিত আসন সুবিধার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করতে এ সিদ্ধন্ত নিয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের অধীনে চলাচলকারী নিজস্ব বাস এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) থেকে ভাড়া করা দ্বিতল বাসে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট দুটি আসন বরাদ্দ থাকবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী, বাসচালক ও সহকারীদের সহযোগিতা চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, রেজিস্ট্রার এবং পরিবহন পুলের চালক ও সহকারীদের কাছে পাঠানো হয়েছে।