১৩ নভেম্বর ২০২৬, ১৮:৫৯

সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

অভিযুক্ত ছাত্রদল কর্মী আমান উল্লাহ   © টিডিসি ছবি

ঢাকা কলেজ ক্যাম্পাসে সপ্তাহে ২ হাজার ৫০০ টাকা চাঁদার বিনিময়ে খিচুড়ি বিক্রির সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মী আমান উল্লাহ আমানের বিরুদ্ধে। ক্যাম্পাসে ব্যবসার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে তাঁর সম্পৃক্ততার কথা প্রকাশ করায় রাজিব হোসেন নামে এক খিচুড়ি বিক্রেতাকে মারধর এবং তাঁর কাছে এক লাখ টাকা দাবি করার অভিযোগও উঠেছে আমানের বিরুদ্ধে। এ সময় বিক্রেতার কাছে থাকা ৬ হাজার ৫০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা কলেজের বিপরীত পাশে তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, খিচুড়ি বিক্রেতা রাজিব প্রায় এক বছর ধরে ঢাকা কলেজের হলপাড়ায় খিচুড়ি বিক্রি করতেন। সাপ্তাহিক চাঁদার বিনিময়ে ছাত্রদল কর্মী আমান উল্লাহ আমান তাঁকে ক্যাম্পাসে ব্যবসা করার সুযোগ করে দেন বলে জানান।

ক্যাম্পাস সংস্কারের অংশ হিসেবে উত্তর হলের প্রভোস্ট তার দোকানটি সরিয়ে দেন। পরে তিনি হল মাঠের দক্ষিণ-পশ্চিম পাশে আবার দোকান বসান। পরবর্তী সময়ে তাকে সেখান থেকেও দোকান সরিয়ে নিতে বলা হলে তিনি ক্যাম্পাস ছেড়ে চলে যান। এ সময় ওই খিচুড়ি বিক্রেতা ক্যাম্পাসে ব্যবসার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে আমান উল্লাহ আমানের সম্পৃক্ততার কথা প্রকাশ করেন।

ভুক্তভোগী খিচুড়ি বিক্রেতা রাজিব হোসেন বলেন, ‘গতকাল মিল্লাদ ভাই আমার দোকান উঠিয়ে দেন। তিনি আমার কাছে জানতে চান, কার অনুমতিতে ক্যাম্পাসে গাড়ি বসিয়েছি। আমান উল্লাহ আমান আমাকে ক্যাম্পাসে ব্যবসা করার জন্য নিয়ে এসেছেন বলে জানাই। এরপর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে চলে আসছিলাম।’

তিনি বলেন, ‘নায়েমের গলির মাথায় পৌঁছালে আমান কয়েকজন ছেলেকে সঙ্গে নিয়ে কোনো কথা ছাড়াই আমাকে মারধর শুরু করে। এরপর তেলের পাম্পের পেছনে নিয়ে গিয়ে আমাকে প্রচণ্ড মারধর করা হয়। মারধরের একপর্যায়ে আমান আমাকে জিজ্ঞেস করে, আমি কেন তার নাম বলেছি। আমি তাকে বলি, যা সত্য, সেটাই বলেছি। এরপর তারা আমার কয়েকটি ভিডিও ধারণ করতে চায় ও ভিডিও না বানালে আমাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং জোরপূর্বক কয়েকটি ভিডিও ধারণ করা হয়।’

রাজিব আরও অভিযোগ করেন, এরপর আমান তাঁর কাছে এক লাখ টাকা দাবি করেন। আমান তাকে বলেন, ‘তুই এতদিন ব্যবসা করেছিস, এই ব্যবসা থেকে আমাকে পার্সেন্টেজ দিতে হবে।’ এভাবে বিভিন্ন কথা বলে তাঁকে ভয়ভীতি দেখানো হয়। এক লাখ টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় তাঁর কাছে থাকা ৬ হাজার ৫০০ টাকা নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আমানই তাকে ক্যাম্পাসে ব্যবসা করার সুযোগ করে দিয়েছিলেন। এর বিনিময়ে প্রতি সপ্তাহে তাঁকে ২ হাজার ৫০০ টাকা করে চাঁদা দিতে হতো। আমান যেদিন টাকা চাইতেন, সেদিনই টাকা পরিশোধ করতে হতো। অন্যথায় তিনি চিৎকার-চেঁচামেচি ও গালমন্দ করতেন।

অভিযুক্ত আমান উল্লাহ আমান ঢাকা কলেজের দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকা কলেজ শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের সহদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়া খন্দকারের অনুসারী বলে জানা গেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আমান উল্লাহ আমান। তিনি বলেন, ‘আমাকে টাকা দিতো এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সে আমার নাম বলছে, তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মিথ্যা অভিযোগ দিয়ে কেউ তাকে পিছনে ইন্ধন দিয়ে আমাকে ফাসানোর চেষ্টা করতেছে। টাকা একজন সিনিয়র বড় ভাই নিত। কিন্ত সে মিথ্যা কথা বলে আমাকে ফাঁসানো হয়েছে।’

এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে খতিয়ে দেখা হবে। একই সঙ্গে এ ঘটনায় আমানের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।