১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১

পরীক্ষায় অসদুপায়: বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের দায়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৫৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৫৬তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসিসহ বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত ৫৯ শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিন, অ্যাডভোকেট মো. কামাল হোসেন তালুকদার এবং কমিটির সদস্য-সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহমুদ।

পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের তথ্য জানায় বাউবি কর্তৃপক্ষ।