ইবিতে আবাসন সংকট, ৮ বছরেও শেষ হয়নি হল নির্মাণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসন সংকট নিরসনে ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্প নেওয়া হলেও ৮ বছরেও শেষ হয়নি নতুন হল নির্মাণকাজ। চার দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৮০ শতাংশই আবাসন সুবিধার বাইরে রয়েছেন। হলের আসন না পেয়ে চড়া ভাড়ায় মেস ও বাসায় থাকতে হচ্ছে তাদের।
জানা যায়, বিশ্ববিদ্যালয় হলেও প্রতিষ্ঠার প্রায় ৫০ বছর পরও শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করতে পারেনি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর নতুন শিক্ষার্থী ভর্তি হলেও সেই তুলনায় হলের আসন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। অন্যদিকে মেগা প্রকল্পের আওতায় থাকা নতুন হলগুলোর নির্মাণকাজে ধীরগতি অপেক্ষা বাড়াচ্ছে শিক্ষার্থীদের। নির্মাণাধীন ৫টি হলের মধ্যে উদ্বোধনের অপেক্ষায় থাকা আবরার ফাহাদ হলের একটি ব্লকের কাজ শেষ হলেও বাকিগুলোর অগ্রগতি সন্তোষজনক নয়।
এ ছাড়া সিট বণ্টনে রয়েছে সুস্পষ্ট নীতিমালার অভাব ও অনিয়মের অভিযোগ। স্নাতকোত্তর শেষ হওয়া বা ছাত্রত্ব না থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী অবৈধভাবে হলে অবস্থান করছেন, যার ফলে প্রকৃত ও নতুন শিক্ষার্থীরা সিট থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে পুরোনো হলগুলোর সংস্কারের অভাব এ সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে।
আবাসিক হলগুলোতে সিট না পেয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া, কুষ্টিয়া শহর কিংবা ঝিনাইদহ শহরে চড়া দামে মেস বা বাসা ভাড়া নিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। এতে তাদের ওপর প্রতিনিয়ত বাড়ছে বাড়তি অর্থনৈতিক চাপ। পাশাপাশি, সকালে বা রাতে দূর-দূরান্ত থেকে ক্যাম্পাসে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি পোহাতে হচ্ছে। যাতায়াতের জন্য পুরোপুরি বিশ্ববিদ্যালয় বাসের ওপর নির্ভর করতে হওয়ায় এবং রাস্তায় অতিরিক্ত সময় ও শ্রম ব্যয় হওয়ার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটছে।
আরও পড়ুন: ১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৯টি অনুষদের অধীনে ৩৬টি বিভাগে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। ছাত্রদের জন্য ৫টি এবং ছাত্রীদের জন্য ৩টি আবাসিক হল রয়েছে। আবাসিক হলগুলোতে আবাসন ব্যবস্থা রয়েছে মাত্র প্রায় ৪ হাজার শিক্ষার্থীর। ফলে প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে ৫৩৭ কোটি ৭ লক্ষ্য টাকার মেগা প্রকল্পের অধীন ১০ তলাবিশিষ্ট দুটি ছাত্র হল, দুটি ছাত্রী হল ও একটি ছাত্র হলের বর্ধিতাংশ নির্মাণের কাজ চলমান থাকলেও ঠিকাদারের গাফিলতি ও নানান পরিস্থিতিতে প্রকল্পের মেয়াদ বাড়লেও শেষ হচ্ছে না নির্মাণকাজ। এতে অপেক্ষা বাড়ছে শিক্ষার্থীদের।
এদিকে প্রকল্প অনুমোদনের পর ৪ বার মেয়াদ বাড়িয়ে ৮ বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণকাজ শেষ হয়নি। এরই পরিপ্রেক্ষিতে প্রকল্পে ধীরগতির তথ্য সংগ্রহে গত জুলাইয়ে প্রকল্প পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৬-এর উপপরিচালক মো. মাহমুদুল হাসান। প্রকল্পের অনুমোদনের পর তিন দফায় মেয়াদ বৃদ্ধির পরেও ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ না হওয়ায় চতুর্থ দফায় মেয়াদ বৃদ্ধির আবেদন করে প্রশাসন।
পরবর্তী সময়ে ভিসি অফিসের সভাকক্ষে চুক্তিবদ্ধ ঠিকাদারদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় ঠিকাদাররা কবে নাগাদ নির্মাণ কাজ শেষ করবেন, তার একটি সময়সীমা উল্লেখ করে একটি প্রতিশ্রুতিপত্র নেয় ইবি প্রশাসন। যদি প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিকাদাররা কাজ শেষ না করেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে বলেও উল্লেখ রয়েছে ঠিকাদারদের কাছ থেকে নেওয়া অঙ্গীকারনামায়। তবুও উল্লেখযোগ্য অগ্রগতি নেই নির্মাণকাজে।
আরও পড়ুন: ভর্তি পরীক্ষা নিয়ে রাবি ও জবির জরুরি বৈঠক আজ
শিক্ষার্থীদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে নির্মাণাধীন ভবনগুলোর কাজ শেষ করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে হবে। একইসঙ্গে হলে অবস্থানরত অছাত্রদের বের করে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে বৈধভাবে সিট বণ্টন এবং নিয়মিত হল মনিটরিং নিশ্চিত করতে হবে। প্রশাসনের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমেই দীর্ঘদিনের এই আবাসন সংকট নিরসন করা সম্ভব বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।
কাজের অগ্রগতি সম্পর্কে মাইশা কন্সট্রাকশনের সাইট ম্যানেজার মুন্না বলেন, ‘ভিসি স্যারের নির্দেশনা মোতাবেক আমরা চেষ্টা করছি বেধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করতে। কিন্তু দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। তবে শহীদ আনাস হলের বর্ধিত ব্লকের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতে সর্বোচ্চ চেষ্টা চলছে; শুধু বৈদ্যুতিক লাইন এবং ফিটিংসের কাজ বাকি আছে। এ ছাড়া ছাত্র হল-২ এবং ১০ তলা একাডেমিক ভবনের নির্মাণকাজ আগামী বছর জুনের মধ্যে সমাপ্তির টার্গেট রয়েছে আমাদের। প্রকল্পের নির্মাণকাজের গতি এখন অনেকটা ভালো।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ড. নওয়াব আলী খান বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে প্রকল্প দ্রুত সময় শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে আমরা কাজ শেষ করতে পারছি না। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রতি মাসেই আমি একটি মিটিং এবং রিপোর্ট দিলেও এবং ঠিকাদারকে বারবার চিঠি দিলেও তারা আমলে নিচ্ছে না। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন আজ থেকে, কয়েকটি বিভাগের শর্ত শিথিল
ঠিকাদারের সঙ্গে চুক্তিবদ্ধকারী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক বলেন, ‘চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চলমান নির্মাণকাজ শেষ করার ব্যাপারে ভাইস চ্যান্সেলর মহোদয়ের নির্দেশনা রয়েছে। আমরা সেই মোতাবেক প্রত্যেকটা সাইটের ঠিকাদারদের চিঠির মাধ্যমে জানিয়েছি।’
তিনি বলেন, ‘আমাদের জায়গা থেকে প্রতি সপ্তাহে আমরা তাদের সাথে মিটিং করতেছি, তাদের চাহিদা শুনছি, সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য তাদের নিয়মিত চাপ দেওয়া হচ্ছে। যেহেতু ডিসেম্বর পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে যদি সেটা অতিক্রম হয়ে যাওয়ার পরেও কাজ শেষ না হয় তাহলে পরবর্তী করণীয় ভিসি স্যার নির্ধারণ করবেন। তবে আমরা দ্রুত কাজ শেষ করে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের ব্যাপারে বদ্ধপরিকর।’