বাস থেকে পড়ে গিয়ে পবিপ্রবি ছাত্রী আহত, মেডিকেলে ভর্তি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চলন্ত বাস থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। বর্তমানে তিনি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম ফারজানা তাসনুর।
সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার একটি বাসে ওঠার সময় বরিশালগামী বাসটিকে পটুয়াখালীগামী বাস মনে করে উঠে পড়েন ওই শিক্ষার্থী। পরে বিষয়টি বুঝতে পেরে চলন্ত অবস্থায় বাস থেকে নামার চেষ্টা করলে তিনি আহত হন।
ঘটনার পর তাঁকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে করা এক্স-রে পরীক্ষায় তাঁর পা ভাঙার বিষয়টি ধরা পড়েনি। তবে পায়ে ফ্র্যাকচারজনিত আঘাত রয়েছে বলে জানা গেছে। চিকিৎসার জন্য তাঁর দুই ব্যাগ রক্তের প্রয়োজন বলেও জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম বলেন, ‘আমি এ বিষয়ে ইতিমধ্যে অবগত হয়েছি। তবে এই মুহূর্তে ঢাকায় আছি। আমি ওই বাসের চালকের সঙ্গে কথা বলেছি।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীর অবস্থা ও অন্যান্য বিষয় সম্পর্কে ঢাকা থেকে ফিরে নিশ্চিত হয়ে পরিবহন শাখার অবস্থান জানাতে পারব। তবে শিক্ষার্থীদের বলব, বাসে চলাচলের ক্ষেত্রে তাঁরা যেন নিজেদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখেন।’