জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের লোগো উন্মোচন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের লোগো উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক সভায় লোগোটি উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সমাবর্তন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে গঠিত নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির সভায় লোগো উন্মোচন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, দ্বিতীয় সমাবর্তনের সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এটি সবার অনুষ্ঠান। তাই সমাবর্তনকে নির্বিঘ্ন, সুন্দর ও মর্যাদাপূর্ণ করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপাচার্য আরও বলেন, জাতীয় ও প্রাতিষ্ঠানিক স্বার্থকে গুরুত্ব দিয়ে সবাইকে গঠনমূলক কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আয়োজনকে নিজেদের অনুষ্ঠান হিসেবে বিবেচনা করে সফল করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
সভায় দ্বিতীয় সমাবর্তনের লোগোর নকশা ও বিভিন্ন দিক তুলে ধরেন লোগো ডিজাইনের দায়িত্বপ্রাপ্ত চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান। লোগোটি তৈরিতে তাঁর সঙ্গে কাজ করেছেন প্রিন্টমেকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রাসেল রানা এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যান ইমাম হোসেন।
সভায় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।