০৯ নভেম্বর ২০২৬, ২৩:৩৩

তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলিশে সোপর্দ

সন্দেহভাজন দুজনকে পুলিশে সোপর্দ  © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে বনানী থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কলেজের মূল ফটকের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আটক দুজন হলেন সুমন ও হৃদয়।

আটক সুমন ও হৃদয়ের দাবি, তাদের মধ্যে একজন কাজের সন্ধানে মহাখালী এলাকায় এসেছেন এবং অন্যজন ওই এলাকার ভাড়াটিয়া। ঘটনার সময় তারা কলেজের সামনের ওভারব্রিজে আড্ডা দিচ্ছিলেন। ককটেল বিস্ফোরণের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন তারা।

অন্যদিকে, আটক দুজনের মুঠোফোন যাচাই করে তিতুমীর কলেজের এক ছাত্রলীগ নেতার ফোন নম্বর পাওয়া গেছে বলে দাবি করেছেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘আমরা তাদের প্রাথমিকভাবে থানায় নিয়ে যাচ্ছি। সেখানে নেওয়ার পর তদন্ত করে দেখব, তারা এ ঘটনার সঙ্গে জড়িত কি না।’