০৯ নভেম্বর ২০২৬, ২২:১৯

আটক হওয়া রেজওয়ান ছাত্রলীগের নেতা, প্রমাণ দিলেন ছাত্রদলের আহ্বায়ক

আটক হওয়া রেজওয়ান ছাত্রলীগের নেতা, প্রমাণ দিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক রেজওয়ান আহমেদ বাংলাদেশ ছাত্রলীগের নেতা বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। নিজের দাবির পক্ষে ২০২৫ সালের ২৮ জানুয়ারি তারিখে দেওয়া ছাত্রলীগের একটি অভিনন্দনপত্রের ছবি প্রকাশ করেছেন তিনি। ওই চিঠিতে রেজওয়ানকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি পদে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় দুটি বাসের মাঝখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রেজওয়ান আহমেদকে আটক করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের দেওয়া নথিতে দেখা যায়, ২০২৫ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্যাডে রেজওয়ান আহমেদের নামে একটি চিঠি দেওয়া হয়। চিঠির শুরুতে তাকে ‘সংগ্রামী শুভেচ্ছা’ জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশ গঠনের লক্ষ্যে তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

চিঠিতে তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আখতার হোসাইনের স্বাক্ষর রয়েছে। চিঠিতে অর্থ সম্পাদক হিসেবে রেজওয়ানের পদবি উল্লেখ করা হয়েছে। 

এদিকে ককটেল বিস্ফোরণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ জানান, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে দ্বিতীয় গেট এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হবে। সন্দেহভাজন আটকের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে।