জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ভর্তি মেধাতালিকা প্রকাশ হচ্ছে আজ, ফল দেখবেন যেভাবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমের প্রথম মেধাতালিকা আজ সোমবার (৯ নভেম্বর) প্রকাশ করা হচ্ছে। বিকেল ৪টায় এ ফল প্রকাশ করা হবে। একই দিন থেকে শুরু হবে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের ৫ নভেম্বর প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা আজ বিকেল ৪টা থেকে এসএমএসের মাধ্যমে এবং রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফল জানতে পারবেন। এসএমএসে ফল জানতে nu<space>atdg<space> Application ID লিখে করে 16222 নম্বরে পাঠাতে হবে। প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ৯ থেকে ১৯ নভেম্বরের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। এরপর ১০ থেকে ২২ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
কলেজ কর্তৃপক্ষ ১০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি ফরমে দেওয়া তথ্য ও ছবি যাচাই করে অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করবে। এ ক্ষেত্রে কোনো তথ্য বা ছবিতে অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি বিশ্ববিদ্যালয়কে লিখিতভাবে জানাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলেজ কর্তৃক ভর্তি নিশ্চয়নের পর ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।
এদিকে, প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী আগে থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) বা স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত থাকলে তাঁকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তাঁর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
এ ছাড়া প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা চাইলে চূড়ান্ত ভর্তি ফরমে নির্ধারিত ঘরে 'Yes' অপশন নির্বাচন করে বিষয় পরিবর্তনের আবেদন করতে পারবেন। কলেজে সংশ্লিষ্ট বিষয়ের শূন্য আসন এবং মেধার ভিত্তিতে পছন্দক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৫ নভেম্বর।