০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮

সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন

নানা সংকটে বন্ধ সাড়া সাগানো ৫ উদ্ভাবন  © টিডিসি সম্পাদিত

একসময় দেশজুড়ে সাড়া সাজিয়েছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীদের ৫ সময়পোযোগী উদ্ভাবন। প্রযুক্তিনির্ভর নানা উদ্যোগের মাধ্যমে দেশের সমস্যা সমাধান ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের স্বপ্ন দেখিয়েছিলেন তারা। তবে সময় গড়াতেই এসব উদ্ভাবনের অনেকগুলোই এখন শুধুই নামে। কোনোটি অর্থসংকটে তো কোনোটি পৃষ্ঠপোষকতার অভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারেনি। একসময় আলোচিত এসব উদ্ভাবনের বর্তমান অবস্থা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

দেশের প্রথম পূর্ণাঙ্গ বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’র কার্যক্রম বন্ধ
তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়লেও একসময় বাংলাদেশে বাংলা ভাষায় তথ্য অনুসন্ধানের জন্য নিজস্ব কোনো সার্চ ইঞ্জিন ছিল না। বিষয়টির প্রয়োজনীয়তা অনুধাবন করেই শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১১ সদস্যের  একটি দল দীর্ঘদিন গবেষণা শুরু করেন। তাদের সেই গবেষণার সফল পরিণতি হিসেবে ২০১৩ সালে আত্মপ্রকাশ করে দেশের প্রথম পূর্ণাঙ্গ বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’। 

পিপীলিকা তৈরিতে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের তৎকালীন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং মুখ্য গবেষক ও টিম লিডার হিসেবে কাজ করেন মো. রুহুল আমীন সজীব। প্রকল্পটির সহযোগিতায় ছিল বেসরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের আইটি বিভাগ জিপিআইটি। এ ছাড়া ৩০ জন শিক্ষার্থীর থিসিসের ওপর ভিত্তি করে প্রকল্পটির গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় বলে জানা যায়। পিপীলিকার বেটা সংস্করণে বাংলা ও ইংরেজি ভাষায় তথ্য অনুসন্ধানের জন্য বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়। সার্চ ইঞ্জিনটি দেশের প্রধান বাংলা ও ইংরেজি সংবাদপত্র, বাংলা ব্লগ, বাংলা উইকিপিডিয়া এবং সরকারি তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ ও সংরক্ষণ করতে সক্ষম ছিল। এর মাধ্যমে ব্যবহারকারীরা সংবাদ,  ব্লগ, বাংলা  উইকিপিডিয়া এবং জাতীয় ই-তথ্যকোষ থেকে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করতে পারতেন। 

২০১৮ সালে পিপীলিকার নতুন সংস্করণ চালু করা হয়। নতুন সংস্করণে সার্চ সুবিধার পাশাপাশি যুক্ত করা হয় পিপীলিকা জব সার্চ, পিপীলিকা ক্রাউডসোর্স প্ল্যাটফর্ম, পিপীলিকা লাইব্রেরি, পিপীলিকা কেনাকাটা ও পিপীলিকা সাম্প্রতিক সংবাদ। এর ফলে সার্চ ইঞ্জিনটি আরও বিস্তৃত ডিজিটাল সেবা প্রদানের উদ্যোগ নেয়। তবে সম্ভাবনাময় এই উদ্যোগ পরবর্তী সময়ে অর্থসংকটে পড়ে। জানা যায়, পিপীলিকা-সংক্রান্ত কিছু সেবা গ্রহণের বিনিময়ে সরকারের এটুআই প্রোগ্রাম থেকে ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত আট কিস্তিতে মোট ১ কোটি ৭১ লাখ ৫৫ হাজার ৩৬৬ টাকা পরিশোধ করা হয়। নবম কিস্তির ২১ লাখ ৭৪ হাজার ৬৫৩ টাকা পরিশোধের আগেই এটুআই প্রোগ্রামের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকেই অর্থসংকটের কারণে পিপীলিকার কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানা যায়। 

পিপীলিকার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে সিএসসি বিভাগের একাধিক গবেষক এর সঙ্গে কথা হয়। তারা জানান, বর্তমানে বাজেট স্বল্পতা এবং রক্ষণাবেক্ষণের অভাবে প্রোগ্রামটি কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে বর্তমান সরকারের এটুআই প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আনোয়ার উদ্দিন বলেন, ‘আমি এই বিষয়ে বলতে পারছি না। যারা আগে এই প্রকল্পের সাথে ছিল তারা ভালো বলতে পারবে।’

ফান্ডিং সংকটে বন্ধ চালকবিহীন গাড়ি ‘অটোমামা’
আমেরিকান বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টেসলা’র আদলে দেশে প্রথমবারের মতো ২০২৪ সালে চালকবিহীন গাড়ি তৈরি করতে সক্ষম হন একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ‘সিনার্বোটিক্স’ নামে একটি দলে কাজ করে এ চালকবিহীন গাড়িটি তৈরি করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গাড়িটির নাম রাখা হয়েছে ‘অটোমামা’।  দলটির দাবি ‘অটোমামা’ দেশের প্রথম সফল ‘লেভেল ২ অটোনোমাস ইলেক্ট্রনিক ভিসেল’। গাড়িটি দেশের রাস্তায় চলাচল উপযোগী ডেটাসেট দিয়ে তৈরি করা হয়েছিল, যেটি প্রাথমিকভাবে পাবলিক রাস্তায় চলাচলে সফল হয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্যরা। দুই বছর আগে গাড়িটি সাড়া ফেললেও বর্তমানে ফান্ডিং সংকটে কার্যক্রম বন্ধ রেয়েছে বলে জানিয়েছেন প্রজেক্টের সুপারভাইজার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহিদুর রহমান। তিনি বলেন, ‘যে ফান্ড ছিল সেটি শেষ হয়ে গেছে। এই প্রজেক্টের জন্য কোনো ফান্ড নাই যার কারণে কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আর ফান্ড না থাকলে এরকম প্রজেক্ট দাড় করানো অসম্ভব।’

অস্তিত্বহীন বাংলায় কথা বলতে পারা মানবসদৃশ রোবট ‘রিবো’
বাংলায় কথা বলতে পারা, নাচ করা, হাত মেলানোসহ নানা অঙ্গভঙ্গি প্রদর্শনে সক্ষম মানবসদৃশ রোবট ‘রিবো’ তৈরি করে সাড়া ফেলেছিল শাবিপ্রবি শিক্ষার্থীদের একটি দল। বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পর্কেও প্রশ্নের উত্তর দিতে পারত রোবটটি। তবে নানা সম্ভাবনা জাগানো এই উদ্ভাবনের কার্যক্রমও পরবর্তী সময়ে থমকে যায়। ২০১১ সালে শাবিপ্রবির তৎকালীন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও শিক্ষার্থী নওশাদ সজীবের উদ্যোগে ১১ সদস্যের একটি দল রোবট তৈরির কাজ শুরু করে। 

২০১৫ সালে বার্ষিক সায়েন্স ফিকশন ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি দলটিকে মানবসদৃশ রোবট তৈরিতে এক লাখ টাকা অনুদান দেয়। এর ধারাবাহিকতায় দলটি বাংলাদেশের প্রথম মানবসদৃশ রোবট ‘রিবো’ তৈরি করে। রোবটটির ছিল নানা ধরনের কার্যক্ষমতা। এটি ২৪ ডিগ্রি কোণে স্বাধীনভাবে ঘুরতে পারত, নাচ করতে পারত, মুখের অভিব্যক্তি প্রকাশ করতে পারত এবং মানুষের সঙ্গে হ্যান্ডশেক করতে পারত। এ ছাড়া হাত ওপর-নিচে তোলা, বাংলায় কথা বলা ও নিজের নাম বলার সক্ষমতাও ছিল রোবটটির। বাংলা ভাষায় মানুষের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম এই রোবট একসময় দেশের প্রযুক্তি গবেষণায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছিল। তবে করোনা মহামারি ও জনবলসংকটের কারণে রোবটটির উন্নয়ন কার্যক্রম আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে জানান দলের সদস্যরা।

নিষ্ক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একুশে বাংলা কি-বোর্ড
এটি ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের তৎকালীন সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই কিবোর্ড তৈরি করে। কিবোর্ডটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজনের পাশাপাশি দ্রুত টাইপিং ও স্পর্শের মাধ্যমে লেখার ব্যবস্থা রাখা হয়। ফলে বাংলা টাইপিংয়ে দক্ষতা না থাকলেও এর মাধ্যমে সহজেই বাংলা লেখা শেখা ও টাইপ করা সম্ভব। বাংলা ভাষায় প্রযুক্তির ব্যবহার সহজ করার ক্ষেত্রে উদ্ভাবনটি একসময় বেশ সাড়া ফেলেছিল। তবে সম্ভাবনাময় এই উদ্ভাবনের কার্যক্রম বর্তমানে নিষ্ক্রিয়।

২০২০ সালে কিবোর্ডটির উদ্ভাবক ও তৎকালীন শাবিপ্রবি শিক্ষক বিশ্বপ্রিয় চক্রবর্তী বিদেশে চলে যাওয়ার পর এর কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে জানা যায়। গুগল প্লে স্টোরে অ্যাপটি এখনো থাকলেও এটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে সিএসই বিভাগের অধ্যাপক ড. শাহিদুর রহমান ও প্রভাষক ফাহিমুল ইসলাম ফাহিম বলেন, ‘এই উদ্ভাবনীর নেতৃত্বে ছিলেন তৎকালীন সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী- যিনি অনেক আগেই চাকরি ছেড়ে চলে গেছেন। যতটুকু শুনেছি এটার কার্যক্রম বন্ধ আছে। তবে বিস্তারিত জানতে হলে বিশ্বপ্রিয় চক্রবর্তীর কাছে জানতে হবে।’

থমকে আছে ক্যানসার শনাক্তকরণের সাশ্রয়ী প্রযুক্তি
রক্তের নমুনা পরীক্ষা করে অল্প সময়ে ও কম খরচে ক্যানসার শনাক্তকরণের সম্ভাবনা তৈরি করেছিল শাবিপ্রবির একদল গবেষকের উদ্ভাবন। ‘নন-লিনিয়ার অপটিকস’ নামের এ পদ্ধতিতে মাত্র ১০ থেকে ২০ মিনিটে রক্তের পরীক্ষার মাধ্যমে ক্যানসার শনাক্ত করা সম্ভব হবে বলে দাবি করেন উদ্ভাবকরা। হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (হেকেপ) আওতায় শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের তৎকালীন অধ্যাপক ড. ইয়াসমিন হকের নেতৃত্বে একদল গবেষক ক্যানসার শনাক্তকরণের এ সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন করেন। গবেষক দলের অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. শরীফ মো. শরাফ উদ্দিন, মনজ কান্তি বিশ্বাস ও এনামুল হক।

জানা যায়, ২০১৬ সালের মার্চে ‘নন-লিনিয়ার অপটিকস ব্যবহার করে বায়োমার্কার নির্ণয়’ শীর্ষক প্রকল্পটি হেকেপের আওতায় সিপি-৪০৪৪ হিসেবে গৃহীত হয়। প্রকল্পটির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ‘নন-লিনিয়ার বায়ো-অপটিকস রিসার্চ ল্যাবরেটরি’ নামে একটি গবেষণাগার গড়ে তোলা হয়। গবেষকদের উদ্ভাবিত পদ্ধতিতে ক্যানসারে আক্রান্ত ব্যক্তির রক্তের সিরামের ওপর শক্তিশালী লেজার রশ্মি প্রয়োগ করে এর নন-লিনিয়ার অপটিক্যাল ধর্ম পরিমাপ করা হয়। এ ধর্মের পরিবর্তন বিশ্লেষনের মাধ্যমে রক্তে ক্যানসারের সম্ভাব্য উপস্থিতি ও অবস্থা শনাক্ত করার প্রক্রিয়া নিয়ে গবেষণা করা হয়। প্রচলিত বায়োকেমিক্যাল পদ্ধতিতে ক্যানসার শনাক্তকরণের জন্য বিভিন্ন ধরনের রি-এজেন্ট ব্যবহার করতে হয়। তবে শাবিপ্রবির গবেষকদের দাবি অনুযায়ী, তাদের উদ্ভাবিত পদ্ধতিতে এসব রি-এজেন্টের প্রয়োজন হয় না। ফলে তুলনামূলক কম খরচে ও কম সময়ে ক্যানসার শনাক্তকরণের সম্ভাবনা তৈরি হয়। তবে অল্প সময়ে ও কম খরচে ক্যানসার শনাক্তকরণের সম্ভাবনা তৈরি করা এই প্রযুক্তি বর্তমানে বাজেটের অভাবে থমকে আছে। 

নন-লিনিয়ার অপটিকস এর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে গবেষক দলের সদস্য অধ্যাপক ড. শরীফ মো. শরাফ উদ্দিন বলেন, ‘হেকেপ প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পর বলা হয়েছিল যে আমাদের কাজটা চলমান রাখতে হবে এবং পরবর্তীতে যখন হিট প্রজেক্ট আসবে, তখন গুরুত্ব দিয়ে আমাদের বিষয়টি বিবেচনা করা হবে। পরে আমরা আবেদন করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত তা দেওয়া হয়নি। টাকা ছাড়া তো গবেষণা হয় না। প্রজেক্টের ফান্ড না পাওয়ায় এখন আমাদের বেতনের টাকা থেকে মেইনটেন্যান্সের একটা বড় অংশ প্রতি মাসেই ব্যয় করতে হচ্ছে।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, ‘উদ্ভাবনের বিষয়গুলো নিজস্ব বিভাগ ভালো বলতে পারবে। আমাদের পক্ষ থেকে উদ্ভাবনী কাজে যতটুকু সহযোগিতা করা যায় আমরা তা অব্যহত রাখবো।