০৮ নভেম্বর ২০২৬, ১৩:৫১

খুবির ভর্তি পরীক্ষার দিনেই হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়  © সৌজন্যে প্রাপ্ত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষার দিনেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা। আগামী ১৮ ডিসেম্বর একই দিনে দুটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে বিপাকে পড়তে পারেন উভয় পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর দুই দিনে চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৭ ডিসেম্বর ‘সি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা) এবং ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন) পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ১৮ ডিসেম্বর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি) এবং ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস এবং ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ায় তা খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সঙ্গে একই দিনে পড়বে। ফলে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষায় ভর্তির প্রস্তুতি নেওয়া যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও মেডিকেল উভয় ধরনের ভর্তি পরীক্ষায় অংশ নিতে চান, তাঁদের জন্য তৈরি হতে পারে সময়সূচিগত জটিলতা।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ১৮ ডিসেম্বর নির্ধারণের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জানা রয়েছে। তবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ভর্তি-সংক্রান্ত কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি জানান, উপাচার্যের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হওয়ার পরই নতুন তারিখের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।