অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের আলটিমেটামের শেষ আজ, বিকেলে নতুন কর্মসূচি
গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (হোম ইকনোমিক্স কলেজ) অধ্যক্ষের পদত্যাগ এবং ক্যাম্পাসে মধ্যরাতে নারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচারের দাবিতে ঘোষিত তিন দিনের আলটিমেটামের শেষ দিনে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ রবিবার বিকেল ৩টায় কলেজ ক্যাম্পাসে এ সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজে দীর্ঘদিন ধরে প্রশাসনিক দুর্নীতি, বৈষম্য, শিক্ষার্থী হয়রানি ও আর্থিক অনিয়ম চলে আসছে। এসব অনিয়মের জন্য অধ্যক্ষ ড. মেহেরুন্নেছা বেগমকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন তারা। একই সঙ্গে ক্যাম্পাসে গভীর রাতে নারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার দাবি করেন।
শিক্ষার্থীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সমাধান না আসায় আলটিমেটামের শেষ দিনে নিজেদের ক্ষোভ ও প্রতিবাদ তুলে ধরতে অহিংস সাংস্কৃতিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। শিল্প ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের দাবি জানাবেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বিদ্রোহী কবিতা আবৃত্তি, বিদ্রোহী ও তারুণ্যের গান, বিপ্লবী ও সচেতনতামূলক নাটিকা এবং শিক্ষার্থীদের স্বরচিত কবিতা পাঠের আয়োজন থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার আগে অধ্যক্ষের পদত্যাগ কার্যকর এবং গভীর রাতে পুলিশি হামলার নির্দেশদাতা ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে আরও কঠোর ও সর্বাত্মক প্রতিরোধমূলক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন শিক্ষার্থীরা।