সরকারের পক্ষে গেলে বিপ্লব, বিপক্ষে গেলে আন্দোলন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার নিজেদের অনুকূলে থাকা ঘটনাকে ‘বিপ্লব’ হিসেবে অভিহিত করে, আর অনুকূলে না গেলে সেটিকে ‘আন্দোলন-গণঅভ্যুত্থান’ বলে আখ্যা দেয়। তিনি বলেন, ৭ নভেম্বরের বিপ্লবকে তাঁরা যেমন বিপ্লব মনে করেন, তেমনি জুলাইয়ের গণ-অভ্যুত্থানকেও বিপ্লব মনে করেন।
শনিবার (নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে সামরিক ও গণ-অভ্যুত্থান ঘটিয়েছিল। অন্যদিকে জুলাইয়ের গণ-অভ্যুত্থানও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সিপাহি-জনতা, শ্রমিক ও শিক্ষার্থীদের সম্মিলিত অভ্যুত্থান।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাস শুধু জুলাইয়ের গণ-অভ্যুত্থান কিংবা গত ১৬ বছরের ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ নয়। এ ইতিহাস বুঝতে হলে গত ১০০ বছরের ঘটনাপ্রবাহ জানতে হবে। যুগে যুগে বাংলাদেশের মানুষ শোষণ ও শাসনের বিরুদ্ধে নিজেদের মানবিক মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে।
বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো আবাসন ও পরিবহনসংকট রয়েছে। শিক্ষার্থীরা ন্যূনতম মানবিক মর্যাদা থেকেও বঞ্চিত হচ্ছেন। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের এসব মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
জুলাইয়ের শহীদ ও ওসমান হাদিসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ চুপ করে বসে থাকবে না।