আরও দুই বিভাগ চালুর অনুমোদন পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন করে আরও দুটি বিভাগ চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। অনুমোদন পাওয়া বিভাগ দুটি হলো কলা অনুষদের অধীনে ইংরেজি এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)। এ দুটি বিভাগে পাঠদান শুরু হলে বিশ্ববিদ্যালয়টিতে মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে চারটি।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী জানান, গত বুধবার ইউজিসির ইন্সপেকশন ও মনিটরিং শাখা থেকে বিভাগ দুটি চালুর অনুমোদন পাওয়া গেছে।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদনের সঙ্গে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে ইউজিসি। নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে হবে। স্নাতক পর্যায়ে প্রতি শিক্ষাবর্ষে প্রতিটি বিভাগে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।
এ ছাড়া ইংরেজি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঠ্যক্রম প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বিভাগ দুটির সংশ্লিষ্ট পর্যাপ্ত বই ও জার্নাল রাখতে হবে। পাশাপাশি ভবনে জরুরি নির্গমন ব্যবস্থা, জরুরি চিকিৎসাসেবা এবং বিশুদ্ধ খাবার পানির সুবিধা নিশ্চিত করতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বাসসকে বলেন, ‘ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বিভাগ দুটি অনুমোদন প্রদান করতে যে শর্তসমূহ আরোপ করেছে তা পূরণের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
এদিকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের যাতায়াতের জন্য একটি মাইক্রোবাস এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি বড় বাস ভাড়া করার অনুমতি ও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী জানান, মাইক্রোবাস ও বাস ভাড়া নেওয়ার জন্য ইতোমধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বর্তমানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান ও আইন বিভাগে পাঠদান চলছে। নতুন দুটি বিভাগে পাঠ্যক্রম চালু হলে বিশ্ববিদ্যালয়টিতে মোট চারটি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।