৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট ২০২৬ অনুষ্ঠিত
তরুণদের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক প্রভাব সৃষ্টির লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট-২০২৬। ইউথভার্স ইউনিয়ন (ওয়াইভিউ) আয়োজিত এ সম্মেলনে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তরুণদের কর্মসংস্থানমুখী দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
গত ২৬ অক্টোবর ঢাকা কলেজের শহীদ এ.এন.এম. খুররম অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘টুগেদার ফর অ্যা জিরো আনএমপ্লয়মেন্ট ফিউচার’। দিনব্যাপী এ সম্মেলনে ছিল অনলাইন কুইজ কম্পিটিশন, পিচ সাবমিশন চ্যালেঞ্জ, প্যানেল ডিসকাশন অ্যান্ড গেস্ট স্পিকার সেশন, ক্যারিয়ার রেডিনেস বুট-ক্যাম্প, মিনি হ্যাকাথন এবং ট্রেজার হান্টসহ বিভিন্ন আয়োজন। পাশাপাশি অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহাদ’স টিউটোরিয়াল’র প্রতিষ্ঠাতা মো. ফাহাদ হোসেন, শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ, সামদানী ফ্যাসিলিটেশন’র চিফ ইন্সপিরেশনাল অফিসার গোলাম সামদানী ডন, পাবলিক স্পিকিং অফিশিয়াল’র প্রতিষ্ঠাতা সোলাইমান আহমেদ জিশান, বন্দী পাঠশালা’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান, সিঞ্জয় একাডেমি’র সিইও ও প্রতিষ্ঠাতা সিঞ্জয় সাহা, লাইফস্প্রিং লিমিটেড’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর সাইদুর আশরাফ কুশল, লিঙ্গুয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক লিমন হাসান এবং একই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও নূরে জান্নাত মীম।
মিনি হ্যাকাথন-এ অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিজয়ী প্রকল্পটি ছিল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তাকারী একটি অ্যাপভিত্তিক ধারণা। প্রকল্পটির মাধ্যমে সম্ভাব্য দুর্যোগপ্রবণ এলাকা শনাক্ত করা এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলে দ্রুত স্বেচ্ছাসেবকদের সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা তুলে ধরা হয়। বাস্তব প্রয়োগের সম্ভাবনা, ধারণার পূর্ণতা, উপস্থাপনা এবং বিচারকদের প্রশ্নের উত্তরের ভিত্তিতে প্রকল্পটি বিজয়ী নির্বাচিত হয়।
সম্মেলনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় আইওয়াইআইআইএস’২৬ কালচারাল নাইট: কনসার্ট ফর অ্যা রিজন। ইউথভার্স ইউনিয়ন ও ঢাকা কলেজ কালচারাল ক্লাব’র যৌথ আয়োজনে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করে ব্লু জিন্স এবং ঢাকা কলেজ কালচারাল ক্লাব’র সদস্যরা। এই আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশুদের সহায়তায় একটি মানবিক উদ্যোগও গ্রহণ করা হয়।
এ পুরো আয়োজনের পেছনে কাজ করেছে মাত্র ছয়জন তরুণ আয়োজকের একটি দল, যাদের বয়স ছিল ১৭ থেকে ১৮ বছরের মধ্যে। আয়োজক দলের সদস্যরা হলেন আল মামুন সৃজন, মো. আলনাফ সাজিম, সানিয়াত মানবিক, মো. মুজাহিদুল ইসলাম, মোঃ আহমাদ বিন নূর এবং রেদোয়ান আফনান। সীমিত অভিজ্ঞতা ও সম্পদের মধ্যেও তাঁদের পরিকল্পনা, সমন্বয় এবং সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজন বাস্তবায়িত হয়।
আয়োজনটি বাস্তবায়নে সহযোগিতার জন্য বক্তা, অতিথি, অংশীদার, স্বেচ্ছাসেবক, সহযোগী সংগঠন এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউথভার্স ইউনিয়ন।
আয়োজকদের মতে, আইওয়াইআইআইএস’২৬ শুধু একটি সম্মেলন নয়; বরং তরুণদের মধ্যে নেতৃত্ব, সহযোগিতা, উদ্ভাবন এবং সামাজিক দায়বদ্ধতার চর্চা তৈরির একটি উদ্যোগ। এই অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা ও অংশগ্রহণকারীদের মতামতকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আইওয়াইআইআইএস আয়োজনের পরিকল্পনা রয়েছে।