০২ নভেম্বর ২০২৬, ০১:৪০

২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশের সাতটি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে সংশ্লিষ্ট কলেজগুলোর প্রতিনিধিদের কাছে এসব সনদ বিতরণ করা হবে। রবিবার (১ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজের প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নির্ধারিত আঞ্চলিক কেন্দ্র থেকে সাময়িক সনদ সংগ্রহ করতে হবে। এ জন্য বগুড়া, রাজশাহী, রংপুর, হবিগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা আঞ্চলিক কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

বগুড়া আঞ্চলিক কেন্দ্র থেকে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা এবং নওগাঁর মান্দা ও পোরশা উপজেলা ব্যতীত অন্যান্য এলাকার কলেজগুলোর সনদ বিতরণ করা হবে। রাজশাহী কেন্দ্র থেকে রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর মান্দা ও পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের সনদ দেওয়া হবে।

রংপুর আঞ্চলিক কেন্দ্র থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ব্যতীত অন্যান্য এলাকার কলেজগুলোর সনদ বিতরণ করা হবে।

হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র থেকে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ব্যতীত অন্যান্য এলাকা, মৌলভীবাজারের সদর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা, নরসিংদীর রায়পুরা এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কলেজগুলোর সনদ দেওয়া হবে।

চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র থেকে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার কলেজগুলোর সনদ বিতরণ করা হবে। বরিশাল কেন্দ্র থেকে পটুয়াখালী, বরিশাল, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার পাশাপাশি মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় এবং জিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের সনদ দেওয়া হবে।

অন্যদিকে খুলনা আঞ্চলিক কেন্দ্র থেকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও নড়াইল জেলার কলেজগুলোর পাশাপাশি গোপালগঞ্জ হাজী লালমিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ সরকারি কলেজ এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজের সনদ বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কলেজের প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধিকে সনদপত্র গণনা করে বুঝে নিতে হবে। সনদ কম-বেশি, দ্বৈত মুদ্রণ কিংবা এক কলেজের সনদ অন্য কলেজে চলে যাওয়ার মতো কোনো সমস্যা দেখা দিলে বিতরণ শুরুর তারিখ থেকে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে অথবা প্রতিনিধির মাধ্যমে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। এ-সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে