জগন্নাথের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ২১০০ শিক্ষার্থীর জন্য ফ্রি আইসক্রিম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ হাজার ১০০ শিক্ষার্থীর জন্য বিনামূল্যে আইসক্রিম বিতরণের উদ্যোগ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ইব্রাহিম খলিল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য আনন্দের ও তাৎপর্যপূর্ণ একটি উপলক্ষ। এ উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা বিশ্বাস করি, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সহমর্মিতার মধ্য দিয়েই একটি সুন্দর ক্যাম্পাস গড়ে ওঠে। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং তাদের পাশে থাকাকে আমরা আমাদের দায়িত্ব মনে করি।’
জানা গেছে, আগামীকাল সোমবার ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করা হবে। এবারের দিবসের প্রতিপাদ্য ‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ঘিরে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন র্যালি, কনসার্টসহ সব আয়োজন নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি। এর অংশ হিসেবে কনসার্টে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি অনুষ্ঠিত হবে।
এ ছাড়া চারুকলা অনুষদের আয়োজনে চিত্রকর্ম প্রদর্শনী, আলোচনা সভা এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়েছে।
দিনের দ্বিতীয় পর্বে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রক্তধুনী ও ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের পরিবেশনা থাকবে। সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় কনসার্টে সংগীত পরিবেশন করবে নগরবাউল জেমস।