৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৬

প্রচলিত বিদায় আয়োজনের বাইরে খুবিতে আল ইনতিসার-২২

আল ইনতিসার-২২  © টিডিসি সম্পাদিত

বিশ্ববিদ্যালয়গুলোর বিদায় সংবর্ধনা মানেই সাধারণত নাচ, গান ও নানা সাংস্কৃতিক আয়োজন। তবে প্রচলিত এ ধারার বাইরে ধর্মীয় বিশ্বাস ও ইসলামী অনুশাসনকে গুরুত্ব দিয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠান আয়োজন করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২২ ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষ) সাধারণ শিক্ষার্থীদের একাংশ। 

মু মিনরাই বিজয়ী প্রতিপাদ্যে আল ইনতিসার-২২ শিরোনামে আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়জীবনের সমাপ্তি নিজেদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্‌যাপনের বিকল্প পরিসর তৈরির লক্ষ্য থেকেই এ উদ্যোগের সূচনা। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১৭ ব্যাচের হাত ধরে শুরু হওয়া এ ধারাবাহিকতা পরবর্তী ব্যাচগুলোতেও অব্যাহত রয়েছে। ১৮, ১৯, ২০ ও ২১ ব্যাচের আয়োজনের পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আল ইনতিসার-২২’।

আয়োজকেরা জানান, এবারের অনুষ্ঠানে ইলম, আমল ও আখলাক, একজন আদর্শ মুসলিম শিক্ষার্থীর পরিচয়, মুসলিম হিসেবে পেশা নির্বাচন এবং কর্মজীবনে সততা বজায় রাখার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি থাকবে কোরআন তিলাওয়াত, নাশিদ পরিবেশনা ও আলোচনা পর্ব। মুসলিমদের ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি ফিলিস্তিন, উইঘুর ও কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর পরিস্থিতিও আলোচনায় স্থান পাবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ ব্যাচের তিন শিক্ষার্থীর উদ্যোগে এ ধারার প্রথম আয়োজন অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের প্রচলিত বিদায় সংস্কৃতির বাইরে বিকল্প আয়োজনের ভাবনা থেকে বিভিন্ন ডিসিপ্লিনের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ অনুসরণকারী শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন। আল বিদা-১৭ শিরোনামে প্রথম আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজের পর অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের জন্য দোয়া ও হালকা নাশতার ব্যবস্থা করা হয়েছিল।

পরবর্তী সময়ে ১৮ ও ১৯ ব্যাচের আয়োজনের নাম ছিল যথাক্রমে সবর-১৮ ও মুসাফির-১৯। ২০ ব্যাচের আয়োজন আল ইত্তিহাদ-২০ অনুষ্ঠিত হয় আইন ডিসিপ্লিনের অডিটোরিয়ামে। আর ২০২৫ সালে ২১ ব্যাচ আল ইতিসাম-২১ শিরোনামে মুক্তমঞ্চে শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। এ ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার আয়োজন করা হচ্ছে আল ইনতিসার-২২।

দুই দিনের আয়োজনে থাকছে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও খেলাধুলা। ৩১ অক্টোবর প্রথম দিনের আনুষ্ঠানিক পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চিকিৎসক ও লেখক ডা. শামসুল আরেফীন শক্তির। একই দিন দ্বিতীয় পর্বে নাশিদ পরিবেশন করবেন কলরবের আবু সুফিয়ান ও তাঁর দল। এ ছাড়া সাতক্ষীরার আবিদ হাসান ও ইমরান হোসেন (হাবু) পরিবেশনায় অংশ নেবেন।

দ্বিতীয় দিন ১ নভেম্বর সকালে কেন্দ্রীয় মাঠে হাঁড়ি ভাঙা ও দড়ি টানাসহ বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলার আয়োজন থাকবে। দিনটির শেষ পর্বে সন্ধ্যায় একই স্থানে মূল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ফকীহ আব্দুল মালেক, ডা. নাবিল ও ডা. নোবেলের।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও কর্মজীবনে সততা বজায় রাখার বিষয়ে সচেতনতা তৈরি হবে। তাদের মতে, বিশ্ববিদ্যালয়জীবনের সমাপ্তি এমনভাবে উদ্‌যাপন করা প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা নিজেদের ধর্মীয় বিশ্বাস ও নৈতিক আদর্শ অক্ষুণ্ন রেখে পরবর্তী জীবনে প্রবেশ করতে পারেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা বৈচিত্র্য ও বহুধর্মীয় সহাবস্থানে বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ে প্রায় ২২টি সাংস্কৃতিক সংগঠন রয়েছে। এসব সংগঠনের পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক, ইসলামিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করে থাকে। আমরা চাই, ক্যাম্পাসে সব ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজনের সুযোগ থাকুক। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও বৈচিত্র্যনীতির সঙ্গে সাংঘর্ষিক নয় এবং রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই এমন যেকোনো উদ্যোগ শিক্ষার্থীরা নিতে পারে। আমরা শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের এ ধারাকে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন আয়োজকেরা। তাদের দাবি, এ আয়োজনের ধারাবাহিকতায় অনুপ্রাণিত হয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সালসাবিল ২.০ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

একটি ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে শুরু হওয়া এ আয়োজন সময়ের সঙ্গে ধারাবাহিকতায় রূপ নিয়েছে। প্রচলিত বিদায় আয়োজনের বাইরে ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে শিক্ষা সমাপনী উদ্‌যাপনের একটি বিকল্প ধারা তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।