ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণ এবং অনলাইনে ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ ও কলেজ কর্তৃপক্ষ ইনকোর্স নম্বর এন্ট্রি এবং শিক্ষার্থীদের তথ্য নিশ্চয়নের কাজ করতে পারবে। আর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ৪ ও ৫ নভেম্বর।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ ও কলেজে জমা, ইনকোর্স নম্বর এন্ট্রি এবং শিক্ষার্থীদের তথ্য নিশ্চয়নের কার্যক্রম চলবে। কলেজ কর্তৃপক্ষ ৪ থেকে ৫ নভেম্বর পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে।
এ ছাড়া পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ ফরম পূরণ, শিক্ষার্থীদের তথ্য নিশ্চয়ন, পে-স্লিপ ডাউনলোড ও সোনালী সেবার মাধ্যমে ফি জমাসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেনি, তারাও বর্ধিত সময়ের মধ্যে এসব কাজ শেষ করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর ফরম পূরণসংক্রান্ত সব কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে আগের বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।