বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির একযুগ পূর্তি উদযাপন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।
আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত আলোচনা সভায় বেরোবিসাসের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। প্রধান আলোচক ছিলেন ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
২০১৪ সালের ২৬ অক্টোবর কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে যাত্রা শুরু করে বেরোবিসাস। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সংবাদমাধ্যমে তুলে ধরা, ক্যাম্পাসের নানা সমস্যা ও সম্ভাবনার কথা মানুষের সামনে উপস্থাপন এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সংগঠনটির পথচলা শুরু হয়। সময়ের পরিবর্তনে ক্যাম্পাস, সংবাদ পরিবেশনের প্রযুক্তি ও সাংবাদিকতার ধরনে এসেছে নানা পরিবর্তন। তবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানুষের কথা তুলে ধরার দায়িত্ব নিয়ে ১২ বছরের পথচলায় এগিয়ে চলেছে সংগঠনটি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান, যুক্তি ও মুক্তচিন্তার কেন্দ্র। এখানে সাংবাদিকতার ভূমিকা হবে গঠনমূলক সমালোচনা, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া। ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই-বাছাই করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপাচার্য আরও বলেন, অনেক সময় যথাযথ যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচারের কারণে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়। তাই দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সব অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান উপাচার্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. তাবিউর রহমান প্রধান এবং বেরোবিসাসের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান পুলক। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী , বিভিন্ন মিডিয়া সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অতিথি ও সংগঠনের সদস্যরা কেক কেটে বেরোবিসাসের একযুগ পূর্তির আনন্দ ভাগাভাগি করেন।