২৬ অক্টোবর ২০২৬, ১৪:৫৮

ইবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ

ইসলামী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে প্রাথমিকভাবে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী মার্চের শেষাংশে শুরু হবে ভর্তি পরীক্ষা। 

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ১৯ মার্চ, ২০ মার্চ ও ২৭ মার্চ প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ বিষয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর এ কে এম মতিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আতিকুর রহমানসহ ভর্তি সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষা গ্রহণের প্রস্তুতি এবং ভর্তি কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে গুচ্ছ নিয়ন্ত্রক কেন্দ্র থেকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার বিষয়ে একমত পোষণ করা হয়। গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভর্তি কমিটি জানায়, গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তবে গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচির ওপর ভিত্তি করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত তারিখে পরিবর্তন আসতে পারে।