২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮

ইবিতে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বিনা নোটিশে ফাইনাল পরীক্ষা ‘স্থগিত’

ইবির ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত সিভিল জজদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে বিনা নোটিশে আইন অনুষদের একটি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। শনিবার (২৪ অক্টোবর) শেষ সময়ে এসে বিভাগীয় কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্বীকার করেছেন।

রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের Law of Real Estate কোর্সের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পাশাপাশি বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিভাগের শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত রুটিন অনুযায়ী রবিবার সকাল সাড়ে ৯টা থেকে তাদের একটি কোর্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগ মুহূর্তে শিক্ষার্থীরা পরীক্ষার হলে এসে কোনো শিক্ষক বা পরীক্ষা সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাননি। 

বিষয়টি নিয়ে তারা বিভাগে খোঁজ নিলে জানতে পারেন, সুপারিশপ্রাপ্ত জজদের সংবর্ধনা উপলক্ষে আজকের পরীক্ষাটি বাতিল করা হয়েছে। পূর্ব কোনো নোটিশ না দিয়েই হুট করে এভাবে পরীক্ষা বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আজ আমাদের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ছিল। তবে পরীক্ষা স্থগিতের বিষয়ে আগে থেকে আমাদের কিছুই জানানো হয়নি। পরীক্ষা দিতে হলে এসে জানতে পারি, সিভিল জজদের সংবর্ধনা অনুষ্ঠানের কারণে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

এ বিষয়ে কথা বলতে চাইলে পরীক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা ব্যস্ত আছেন জানিয়ে কিছুক্ষণ পরে কথা বলবেন বলে জানান। 

আরও খবর: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওহাব শাহীন বলেন, ‘গতকাল শেষ মুহূর্তে অনুষ্ঠিত বিভাগীয় কমিটির সভায় সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যেহেতু এটি একটি পূর্বনির্ধারিত পরীক্ষা ছিল এবং আগের দিন রাতে অনলাইনেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়- সে জন্য সিআরের (CR) মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়ার কথা ছিল।’

তিনি বলেন, ‘আমিও ব্যক্তিগতভাবে ক্লাস প্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম, তাই এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। তবে যেহেতু গতকাল শেষ সময়ে সিদ্ধান্ত হয়েছে, তা অফিসিয়ালি কার্যকর করতে একটু সময় লেগে গেছে।’

পরীক্ষা স্থগিত করার যৌক্তিকতা ব্যাখ্যা করে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয় বা দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট মান ও ভাবমূর্তির বিষয় জড়িত থাকে। এটা প্রশাসনের পক্ষ থেকেই আয়োজন ছিল। এমন দিনে পরীক্ষা চললে কিছু শিক্ষককে পরীক্ষার হলে দায়িত্বে থাকতে হতো।’

তার ভাষ্য, ‘শিক্ষার্থীদের একটি অংশ সেখানে অংশগ্রহণ করতো, আরেকটি অংশ বঞ্চিত হতো। এটি অ্যাকাডেমিক ও প্রাতিষ্ঠানিক দিক থেকে দৃষ্টিকটু। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং ডিপার্টমেন্টের সুনাম ও মান অক্ষুণ্ণ রাখতেই পরীক্ষাটি স্থগিত করে আগামী ২৬ তারিখে নির্ধারণ করা হয়েছে।’