ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণে আগামী ১৮ ও ১৯ অক্টোবরের নির্ধারিত পরীক্ষাগুলো পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবরের পরিবর্তে গণিত (১১৩৭০৩) ও উচ্চাঙ্গ সংগীত (১১৪৫০২) বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ১৯ অক্টোবরের পরিবর্তে বাংলা সাহিত্য (ঐচ্ছিক), ইংরেজি (ঐচ্ছিক), আরবি, সংস্কৃত, পালি, বেসিক হোম ইকোনমিক্স এবং ড্রামা ও মিডিয়া স্টাডিজ (ব্যবহারিক) বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ৩ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কোড ১১০১। পরীক্ষা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার দিন ট্রেজারি বা থানা হেফাজতে সংরক্ষিত প্রশ্নপত্র গ্রহণের সময় বিষয় ও পত্রকোড সতর্কতার সঙ্গে যাচাই করার জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-সংক্রান্ত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে।