১৬ অক্টোবর ২০২৬, ০০:৪১

সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

মেহেরিন মুনজারিন রত্না  © সংগৃহীত

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মেয়ে মেহেরিন মুনজারিন রত্নাকে ভারত সফরের অনুমতি দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। 

বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মেহেরিনকে আগামী ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারত যাওয়ার জন্য ছুটি মঞ্জুর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তার ভারত সফরের কথা রয়েছে।

গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো. আবদুল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে ছুটি মঞ্জুরের বিষয়টি জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০১১ সালের ১৯ জুনের একটি চিঠিতে অনুমোদিত বিধানের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, মেহেরিন মুনজারিন রত্না ভারত সফরের যাবতীয় ব্যয় নিজেই বহন করবেন। এ সফরের জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক দায়বদ্ধতা থাকবে না।

রাজনৈতিকভাবে স্পর্শকাতর এ সময়ে মেহেরিনের ভারত সফর নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। গুঞ্জন রয়েছে, তার বাবা মোজাম্মেল হক ভারতে অবস্থান করছেন। সে ক্ষেত্রে বাবার সঙ্গে দেখা করতেই মেহেরিন ভারতে যাচ্ছেন কি না, তা নিয়ে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানার জন্য একধিকবার তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো. আবদুল করিম বলেন, মেহেরিন মুনজারিন রত্না তার স্বামীর চিকিৎসার উদ্দেশ্যে ভারত যাওয়ার কথা উল্লেখ করে ছুটির আবেদন করেছেন। তবে কী ধরনের চিকিৎসা বা নির্দিষ্ট কোনো রোগের কথা উল্লেখ করেছেন, তা এই মুহূর্তে বলতে পারছি না। নথি না দেখে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়।