১৪ অক্টোবর ২০২৬, ১৭:১৪

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মুক্তমঞ্চে গরুর মাংস রান্নার পর বিতর্ক সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ক্যাম্পাসে যেকোনো পশু জবাই নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এতে।

আজ বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। এতে আরও বলা হয়, এ নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ডিএসসিসির বিজ্ঞপ্তির স্মারক নম্বর জিএসসিসি/পিআরডি/৭৯/২০২৬-২০২৭ উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে গরুর মাংস রান্না করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম ব্যাচের একদল শিক্ষার্থী। এদিকে মুক্তমঞ্চের এক পাশে মসজিদ এবং অপর পাশে অস্থায়ী পূজা মণ্ডপ থাকায় মন্দিরের সামনে গরু রান্না করা হয়েছে বলে অভিযোগ তোলেন সনাতন ধর্মাবলম্বী একদল শিক্ষার্থী। একই সাথে তারা অভিযোগ করেন, রান্নার সময় মন্দিরের ইট ব্যবহার করা হয়েছে। এ নিয়ে গত দুদিন ধরে পক্ষে-বিপক্ষে নানা বিতর্কের সৃষ্টি হয়।

তবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের দাবি, ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত আয়োজনটি হওয়ার কথা ছিল ক্যান্টিনে। কিন্তু রান্নার সময় গ্যাস সংকট হওয়ায় তারা মুক্তমঞ্চে উন্মুক্ত স্থানে রান্না শুরু করেন। ওই সময় চুলা বানানোর জন্য আশেপাশে থাকা কয়েকটি ইট ব্যবহার করা হয়। তবে সনাতন ধর্মাবলম্বী একজন শিক্ষার্থী এসে এগুলো মন্দিরের ইট—এমন তথ্য জানালে তারা সেগুলো আর ব্যবহার করেননি। একই সাথে রান্নার স্থানও তারা পরিবর্তন করেন।