১৩ অক্টোবর ২০২৬, ২০:২৬

প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা দিচ্ছে ছাত্রদল

তিনটি প্লাস্টিকের বোতল জমা দিলেই পাওয়া যাচ্ছে একটি গাছের চারা  © সংগৃহীত ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ব্যবহৃত তিনটি প্লাস্টিকের বোতল জমা দিলেই পাওয়া যাচ্ছে একটি গাছের চারা। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পবিপ্রবি শাখা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের বকুলতলায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় প্রতি তিনটি ব্যবহৃত প্লাস্টিকের বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের একটি করে ঘরে রাখার উপযোগী গাছের চারা দেওয়া হচ্ছে। প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও সঠিক ব্যবস্থাপনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।

ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের আহ্বান ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসা জরুরি। পবিপ্রবি ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকাকে প্লাস্টিক দূষণমুক্ত করা এবং ক্যাম্পাসে গাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই আমাদের এ পরিবেশবান্ধব উদ্যোগ। পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করছি। প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণের মাধ্যমে গ্রিন ক্যাম্পাস গড়ার এ পথচলা অব্যাহত থাকবে।’

ছাত্রদল নেতা আজিম হাসান দিপু বলেন, ‘প্রথাগত পরিচ্ছন্নতা অভিযানের পরিবর্তে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়িয়ে নিজেরাই ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ উদ্যোগে পরিচ্ছন্নতার বিনিময়ে শিক্ষার্থীরা ছোট্ট পুরস্কার পাবেন। কার্যক্রমটি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবগত আছেন এবং তিনি আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখার জন্য উৎসাহ দিয়েছেন।’