১৩ অক্টোবর ২০২৬, ১১:৪১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ১৫ অক্টোবর

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হচ্ছে আগামী ১৫ অক্টোবর। ওইদিন বিকেল ৪টা থেকে কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত নিয়ম অনুসরণ করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে পারবে। এ কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

সোমবার (১২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions/regicard) মাধ্যমে কলেজ লগইন অপশনে প্রবেশ করে নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে হবে। এরপর কার্ড প্রিন্ট করে শিক্ষার্থীর নাম, বাবা-মায়ের নামসহ সব তথ্য ও ছবি যাচাই করতে হবে। তথ্য সঠিক থাকলে রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থী ও কলেজ অধ্যক্ষ নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন। পাশাপাশি শিক্ষার্থীর ছবির ওপর কলেজ অধ্যক্ষের স্বাক্ষর ও সিল দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, কোনো শিক্ষার্থী নিজের ছবি ছাড়া অন্য কারও ছবি দিয়ে আবেদন ফরম আপলোড করে থাকলে তার ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ডে ছবি পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না।

যেসব কলেজ রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের পাসওয়ার্ড সংগ্রহ করেনি, তাদের কলেজ কোড, কলেজের নাম, ঠিকানা, নিবন্ধিত মোবাইল নম্বর ও সঠিক ই-মেইল ঠিকানাসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন দপ্তরের অফিসিয়াল ই-মেইল adm.hons@nu.ac.bd-এ আবেদন পাঠাতে হবে। পরে সংশ্লিষ্ট কলেজের ই-মেইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের জন্য দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ডও বহাল থাকবে।

এ ছাড়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অথবা এর আগে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে কোনো ফি বকেয়া থাকলে সংশ্লিষ্ট কলেজে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর নিজের নাম কিংবা বাবা-মায়ের নামে কোনো ভুল থাকলে কার্ড ইস্যুর পরবর্তী এক মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সংশোধনের আবেদন করতে হবে।