১৩ অক্টোবর ২০২৬, ০৮:২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৬ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। আটটি লিখিত পরীক্ষা শেষে আগামী বছরের ৮ জানুয়ারি শেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (১২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, প্রথম দিন ৬ নভেম্বর ‘ল অব ট্রান্সফার অব প্রপার্টি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর ‘ল অব সিভিল প্রসিডিউর অ্যান্ড ল অব লিমিটেশন’, ২০ নভেম্বর ‘ল অব ক্রাইমস অ্যান্ড ক্রিমিনাল প্রসিডিউর’, ২৭ নভেম্বর ‘ল অব এভিডেন্স’ এবং ৪ ডিসেম্বর ‘ইন্টারন্যাশনাল ল’ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

এ ছাড়া ১১ ডিসেম্বর ‘কোম্পানি অ্যান্ড বিজনেস লজ অব বাংলাদেশ’, ১৮ ডিসেম্বর ‘ল্যান্ড লজ, ল অব রেজিস্ট্রেশন অ্যান্ড পাবলিক ডিমান্ড রিকভারি’ এবং ২০২৭ সালের ৮ জানুয়ারি ‘লিগ্যাল ড্রাফটিং অ্যান্ড প্রফেশনাল এথিকস’ বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।

প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্রে উল্লেখ থাকবে। তবে প্রয়োজনে প্রকাশিত সময়সূচি পরিবর্তনের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর চার-পাঁচ দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (ems.nu.ac.bd) মাধ্যমে রোল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্রে কোনো ধরনের ত্রুটি থাকলে পরীক্ষা শুরুর আগেই তা সংশোধন করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। এ-সংক্রান্ত তথ্য জেনে নেওয়ার দায়িত্ব পরীক্ষার্থীদের।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীপ্রতি কেন্দ্র ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৭০০ টাকা কেন্দ্র এবং ১০০ টাকা সংশ্লিষ্ট কলেজ পাবে। পরীক্ষা শুরুর দুই-তিন দিন আগে রোল বিবরণীর এক কপি প্রিন্টসহ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে।