১১ অক্টোবর ২০২৬, ২২:৩৬

শিক্ষার্থীদের দাবির পর দুই বিভাগের নাম পরিবর্তন করল নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুইটি বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত পরিসংখ্যান বিভাগের নাম পরিবর্তন করে ‘পরিসংখ্যান এবং উপাত্ত বিজ্ঞান’ করা হবে। অন্যদিকে, সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ফোকলোর বিভাগের নাম পরিবর্তন করে ‘ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তিত নাম দুটি পরবর্তী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।

চাকরির ক্ষেত্র সম্প্রসারণ ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার লক্ষ্যে বিভাগ দুটির নামের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় যুক্ত করে নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এ দাবিতে তারা উপাচার্য ও ডিনের কাছে স্মারকলিপি প্রদান, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের বিশ্বাস, পরিবর্তিত নামের সঙ্গে বিভাগ দুটির কারিকুলামও যুগোপযোগী করা হলে তাঁরা সংশ্লিষ্ট বিষয়ে আধুনিক জ্ঞান অর্জনের পাশাপাশি চাকরির বাজারে এগিয়ে থাকার সুযোগ পাবেন।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে, গত বছরের ২৭ নভেম্বর ৯০তম সিন্ডিকেট সভায় বিভাগ দুটির নাম পরিবর্ধনের জন্য উপযুক্ত কিনা তা যাচাই করতে পর্যালোচনা কমিটি গঠন করে দেওয়া হয়। সেই কমিটির প্রতিবেদনের সাপেক্ষে ৯১তম সিন্ডিকেটে নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদিত হয় বলে জানা গেছে।

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই এই পরিবর্তনটা আনা হয়েছে। এর মাধ্যমে ডাটা সায়েন্সে আমাদের জ্ঞানের পরিধি বাড়বে, পাশাপাশি এই অটোমেশনের যুগে আমরাও এগিয়ে থাকবো। বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য এটি সুফল বয়ে আনবে। প্রশাসনকে যথাযথ সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই।

ফোকলোর বিভাগের শিক্ষার্থী ওমর তারিক বলেন, আমাদের কাজ সামাজিক উন্নয়ন নিয়ে। কিন্তু বিভাগের নামে এটি উল্লেখ না থাকায় চাকরির বাজারের অনেক জায়গায় আবেদনের সুযোগ পেতাম না আমরা। নামের এই পরিবর্ধন আমাদের এগিয়ে রাখবে বলে বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই।