প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১ অক্টোবর, আবেদন ফি ১২০০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন শুরু হচ্ছে আগামী ১১ অক্টোবর। আবেদন করা যাবে ২৬ অক্টোবর পর্যন্ত। প্রতিপত্র পুনর্মূল্যায়নের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পুনর্মূল্যায়নের জন্য আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। এরপর নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত ফি জমা দেওয়া যাবে।
এ ছাড়া সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নগদ, বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা এবং আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডিবিবিএল, নেক্সাস ও মাস্টারকার্ড ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকেও অনলাইনে টাকা স্থানান্তর করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড ও ফি জমা দেওয়া যাবে না। ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দিলে পরবর্তী সময়ে উদ্ভূত জটিলতার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না। আবেদনপত্র বা পে-স্লিপের অনুলিপি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই।
পুনর্মূল্যায়নের আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে: http://103.113.200.36/PAMS/ICTUnit/Re_Evaluation.aspx
পরীক্ষা-সংক্রান্ত তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।