জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টোবর, অংশ নিতে পারবেন যারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন আগামী ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও গবেষকরা আগামী ১২ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের শেষ সময় ১২ নভেম্বর ২০২৬। বুধবার (৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এ ছাড়া মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।
এমবিএ পরীক্ষায় ২০১৩ থেকে ২০২২, বিএড অনার্সে ২০১৪ থেকে ২০২৩, বিএসসি ইন ইসিইতে ২০১২ থেকে ২০২৩ এবং এমএসসি ইন সিএসইতে ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।
বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা রেজিস্ট্রেশন করতে পারবেন। একইভাবে বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা অংশ নিতে পারবেন। অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।
এ ছাড়া বিএসসি অনার্স ইন এফডিটি, বিএসসি অনার্স ইন এএমটি, বিএসসি অনার্স ইন কেএমটি এবং এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।
মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে ২০১৬ থেকে ২০২৩, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমে ২০২০ থেকে ২০২২, এমপিএডে ২০২০ থেকে ২০২৩ এবং এমএসএডে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। এ ছাড়া অন-ক্যাম্পাস এমএএস/এএমবিএতে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে উত্তীর্ণ এবং এমফিল/পিএইচডি অ্যাওয়ার্ডপ্রাপ্ত ২০১৬ থেকে ২০২৫ সালের গবেষকরাও সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৪ হাজার টাকা অথবা ৪০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রতিটি সনদের জন্য ৮০০ টাকা অথবা ১০ মার্কিন ডলার সনদ ফি দিতে হবে। তবে ইতোমধ্যে মূল সনদ গ্রহণ করে থাকলে সনদ বাবদ কোনো ফি দিতে হবে না।
রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটে। পেমেন্ট করা যাবে সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে। মাস্টারকার্ড, ভিসা, অ্যামেক্স ও নেক্সাসসহ বিভিন্ন কার্ডে পেমেন্টের সুযোগ রয়েছে।
রেজিস্ট্রেশন-সংক্রান্ত সহযোগিতার জন্য ০১৩৪৭-৫৫২১৫১-৭ এবং পেমেন্ট-সংক্রান্ত সহযোগিতার জন্য ০১৩৪৭-৫৫২১৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে। সহযোগিতার সময় সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট। এ ছাড়া convocation@nu.ac.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সমাবর্তন অনুষ্ঠানের সুনির্দিষ্ট সময়, ভেন্যু ও অনুষ্ঠানসূচি যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমে জানানো হবে।