০৫ অক্টোবর ২০২৬, ২২:৩৯

ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির বার্তা দিলেন ছাত্রদল নেতা মাসুদ রানা

তিতুমীর কলেজের অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মাসুদ রানা  © সংগৃহীত

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, সৌজন্যবোধ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিতে ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা পাটোয়ারী। আজ সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকদের ফুলের শুভেচ্ছা জানান তিনি।

মাসুদ রানা পাটোয়ারী সরকারি তিতুমীর কলেজের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

এ সময় মাসুদ রানা পাটোয়ারী বলেন, ‘শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের হাত ধরেই শিক্ষার্থীরা জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ওঠে। তাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা প্রত্যেক শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও শিক্ষকদের প্রতি সম্মান ও সৌজন্যবোধের জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌজন্যপূর্ণ আচরণের মধ্য দিয়েই একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। আমরা এমন একটি শিক্ষাঙ্গণ চাই, যেখানে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।’

শিক্ষাঙ্গণে সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা বিকাশে ইতিবাচক রাজনীতির বিকল্প নেই। শিক্ষকদের সম্মান জানানো এবং তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মধ্য দিয়েই একটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।