০৩ অক্টোবর ২০২৬, ০১:০৪

১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় আলোচনায় থাকছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৯১তম সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রায় ১০ মাস পর। দীর্ঘদিন ধরে সিন্ডিকেট সভা না হওয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই সভা অনুষ্ঠিত হবে। জানা যায়, সিন্ডিকেটের এজেন্ডা হিসেবে সর্বশেষ দুই একাডেমিক কাউন্সিলের সুপারিশ, অর্থ কমিটির সুপারিশ, শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি এবং শিক্ষার্থীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়সমূহ রাখা হয়েছে। যেখানে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক ও প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির বিষয়গুলো রয়েছে। 

একাধিক সূত্রে জানা গেছে, কলা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন পদ খালি হওয়ায় ভিন্ন দুটি অনুষদ থেকে দুইজন ডিনকে নিয়োগ দেওয়া হতে পারে সিন্ডিকেট সদস্য হিসেবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ৩টি বিভাগের নাম পরিবর্তনে শিক্ষার্থীদের দাবির বিষয়গুলোও বিবেচনায় রয়েছে।

সর্বশেষ ২০২৫ সালের ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো সভা আয়োজন না হওয়ায় প্রশাসনিক ও নীতিনির্ধারণী নানা সিদ্ধান্ত স্থবির হয়ে ছিল। বিশেষ করে ৯ম পে-স্কেল বাস্তবায়নের পর পদোন্নতি আটকে থাকার কারণে আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন অনেক শিক্ষক-কর্মকর্তা।

সিন্ডিকেটের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন পর সিন্ডিকেট সভা হওয়ায় আমরা রুটিন ওয়ার্কে গুরুত্বারোপ করেছি। এজেন্ডা হিসেবে একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটি, পদোন্নতি ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয় রাখা হয়েছে। কোনো সাম্প্রতিক বিষয় এজেন্ডায় রাখা হয়নি। সকলের অধিকার যেন রক্ষা হয় ও কারোর প্রতি যেন অন্যায় না হয় সেভাবে কাজ করতে চাই। আশা করি সুন্দরভাবে সভাটি সম্পন্ন হবে।