নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিসারকে শোকজ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ রাখার অভিযোগে দপ্তরপ্রধান ডা. শাম্মী আক্তার নিপাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জানানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, মেডিকেল সেন্টার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা থাকলেও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একক সিদ্ধান্তে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা হয়। কর্তৃপক্ষের আদেশ অমান্যের অভিযোগে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
আরও দেখুন: জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন
মেডিকেল সেন্টারের সিনিয়র অফিসার ডা. শাম্মী আক্তার নিপা বলেন, ‘এর আগেও মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ হয়েছে। তিনি শুধু অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠিক রেখেছেন। মূল বিষয় হলো, মেডিকেল সেন্টার কত ঘণ্টা খোলা থাকবে এ বিষয়ে কোনো অফিস আদেশ ছিল না। এছাড়া সেন্টারে জনবল সংকট ও রয়েছে।’
তিনি আরও বলেন, ‘কর্তৃপক্ষ যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, তাই তিনি নির্ধারিত সময়ের মধ্যে এর জবাব দেবেন।’