০১ অক্টোবর ২০২৬, ১০:৩১

চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্রদল সেক্রেটারি 

চবি ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি  © টিডিসি সম্পাদিত

চবি ছাত্রদলের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন চবি ছাত্র-ছাত্রীদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচন আয়োজন করেছিল। কিন্তু আমরা দেখেছি, নির্বাচিত হওয়ার পর থেকে এই চাকসু আর চাকসু নাই, এটি শিবিরসুতে পরিণত হয়েছে। তারা শিক্ষার্থীদের কল্যাণে কোনো কাজ করে না। তারা শিবিরের প্রতিটি এজেন্ডা বাস্তবায়নে কাজ করে।’

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচির বক্তব্যে এমন কথা বলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, ‘আমরা আজ জানতে পেরেছি, চাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক চট্টগ্রামের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে চাকসুর নামে চাঁদাবাজি করেন। এই চাঁদাবাজেরা ১০০ টাকা চাঁদা তোলে, আর খরচ করে ১০ টাকা। ছাত্রসমাজের অর্থের বিনিময়ে এই নতুন বাংলাদেশে কেউ যদি ছাত্র-ছাত্রীদের কল্যাণের বিপরীতে দাঁড়ায়, বিশ্ববিদ্যালয়ের সত্য-সন্তুষ্টি বিষয়ের বিরুদ্ধে দাঁড়ায়, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে, কারও পিঠের চামড়া রাখা হবে না।’

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়সহ চবি ছাত্রদলের নেতা-কর্মীরা।

আরও দেখুন: ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ জানাল আয়োজকরা

চবি শাখা ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ‘নিজেদের রাজনৈতিক অ্যাজেন্ডা ব্যতীত সাধারণ শিক্ষার্থীর জন্য কিছুই করে নাই চাকসু। তারা যদি সাধারণ শিক্ষার্থীর জন্য কিছু করেই থাকতো তাহলে আবাসনের ব্যবস্থা কই? যে আবাসনের জন্য সাধারণ শিক্ষার্থীরা রাতের অন্ধকারে মুখ বুজে কাঁদে।’ 

তিনি আরও বলেন, ‘ইন্টেরিমের সময় যারা ক্যাম্পাসের প্রতিটি হল ভাউতাবাজি করে দখল করেছে, ইনশাল্লাহ তাদের পরিচয় উন্মোচিত হবে। ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের সম্মুখে তাদের বিচার নিশ্চিত করবেই করবে ছাত্রদল।’