৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে রাবি, সূচকেও অগ্রগতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৭ প্রকাশিত হয়েছে। মর্যাদাপূর্ণ এ র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থান লাভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। টানা চতুর্থবার একই অবস্থানে থাকলেও কয়েকটি সূচকে অগ্রগতি হয়েছে। এবারের তালিকায় রাবিসহ দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি।

র‌্যাঙ্কিংয়ের তালিকা থেকে জানা যায়, চতুর্থবারের মতো এই র‌্যাঙ্কিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। র‌্যাঙ্কিংয়ের তালিকায় ১০০১ থেকে ১২০০ এর মধ্যে অবস্থান করছে বিশ্ববিদ্যালয়টি। যা দেশের মধ্যে দ্বিতীয় অবস্থান। গত বছরের তুলনায় এ বছর সূচকগুলোতে এগিয়ে গেছে রাবি।

গবেষণার পরিবেশ সূচকে গত বছরে ৯.৯ ছিল ও বর্তমানে ১২.১, শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকে গত বছরে ২২.১ ছিল ও বর্তমানে ২২, শিক্ষা সূচকে গত বছরে ১৬.৫ ছিল ও বর্তমানে ১৫.৭, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে গত বছরে ৪২ ছিল ও বর্তমানে ৪২.৩, গবেষণার মান সূচকে গত বছরে ৭৭ ছিল ও বর্তমানে ৭৭.৯।

র‍্যাঙ্কিং অনুযায়ী, ৮০১ থেকে ১০০০ অবস্থানে আছে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি। গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০ এর মধ্যে থাকলেও এ বছর পিছিয়ে পড়ে বিশ্ববিদ্যালয় দুটি।  

আরও দেখুন: ১১ মাসে রাকসুর মহিলা বিভাগের ১৬ কার্যক্রম বাস্তবায়ন, চলমান আরও ১০

এদিকে ১০০১ থেকে ১২০০ অবস্থানে রয়েছে দেশের আরও আটটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

এছাড়া ১২০১ থেকে ১৪০০ অবস্থানে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

এছাড়া ১৪০১ থেকে ১৬০০ অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৮০১ থেকে ২০০০ অবস্থানে রয়েছে দুটি বিশ্ববিদ্যালয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

বাকি ১০টি বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এগুলো হলো এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনস, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। 

প্রসঙ্গত, বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের র‌্যাঙ্কিং করে থাকে।