সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎফর রহমান
শিক্ষার্থীদের প্রতিবাদের মধ্যেই নিয়োগ পাওয়ার একদিন পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারা ডিওএইচএস-এ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে তিনি এ দায়িত্ব নিয়েছেন বলে নিশ্চিত করেছেন অধ্যাপক ড. সালমা বেগম।
রাতে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, লুৎফর স্যার আজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিয়েছেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সভায়ও অংশ নিয়েছেন। এদিকে, মুঠোফোন একাধিকবার অধ্যাপক মো. লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এর আগে গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক মো. লুৎফর রহমানকে বিশ্ববিদ্যালয়টির ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, ভিসি পদে তার মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে এর আগেই তার অবসর গ্রহণের বয়সসীমা পূর্ণ হলে সেই সময় পর্যন্ত তিনি দায়িত্বে থাকতে পারবেন। নিয়োগপ্রাপ্ত ভিসি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। একই সঙ্গে বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অধ্যাপক লুৎফর রহমান সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এদিকে, এই প্রজ্ঞাপন জারির পর এই নিয়োগের প্রতিবাদে জানিছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে পুনর্বহাল দাবি করেন।
সর্বশেষ আজ শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকাল ১০টার পর থেকে ‘লালকার্ড’ হাতে বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে এই বিক্ষোভ করেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মানতে যাচ্ছি না। আমাদের দাবি ছিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সিন্ডিকেটের সিদ্ধান্ত মানা যাবে না। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য লজ্জাজনক ও দুঃখজনক। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে পুনর্বহাল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে অবিলম্বে স্কুলিং মডেলে রূপান্তর করা; ২০২১-২২ সেশন থেকে সব সেশনকে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করে একাডেমিক রোডম্যাপ ঘোষণা করা; দ্রুততম সময়ের মধ্যে সাতটি ক্যাম্পাসের যেকোনো একটিতে প্রশাসনিক ভবন চালু করা এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অবিলম্বে শুরু করা।